২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান রাষ্ট্রীয় টিভি স্টেশনে হামলা, আইএস’র  দায় স্বীকার

আফগানিস্তানের জালালাবাদে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 May 2017, 01:53 PM

Updated : 11 Apr 2022, 11:36 PM

বার্তা সংস্থা রয়টার্স জানায়, পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে ওই হামলায় অন্তত ছয়জনসহ  হামলাকারীরাও নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ২৪ জন আহত হয়েছে।

আইএস সংশ্লিষ্ট আমাক নিউজ এজেন্সির খবরে বলা হয়, “ইসলামিক স্টেট যোদ্ধারা এখন জালালাবাদ শহরে রাষ্ট্রীয় সম্প্রচার ভবনের ভেতরে হামলা চালাচ্ছে।”

দেশটির তালেবান জঙ্গিরা আগেই জানিয়েছে, তারা এ হামলা চালায়নি।

বুধবার কয়েকজন বন্দুকধারী টেলিভিশন স্টেশন ভবনটিতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে বলে জানান প্রদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খুঝিয়ানি।

তিনি বলেন, “স্টেশনটির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সঙ্গে বন্দুক লড়াইয়ের পর তারা ভবনটিতে প্রবেশ করে।”

“ভবনের ভেতর দুই হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এবং অপর এক হামলাকারী নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি চালিয়ে যায়। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে সে নিহত হয়।”

আহত ১৭ জনের মধ্যে নয় জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

জালালাবাদ আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী। পাকিস্তানের সীমান্তবর্তী এই প্রদেশটিতে নিজেদের শক্ত অবস্থান প্রতিষ্ঠা করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) । তবে প্রদেশটিতে তালেবানের অবস্থানও বেশ শক্তিশালী।

সম্প্রতি নানগারহারের আচিন জেলায় আইএসের পার্বত্য ঘাঁটিতে অপারমাণবিক সবচেয়ে বড় বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। ওই হামলায় জঙ্গিগোষ্ঠীটির অন্তত ৯৪ সদস্য নিহত হয় বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।