২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় শরণার্থী শিবিরে আইএসের গাড়িবোমা হামলায় নিহত ৬

জর্দান সীমান্তের কাছে সিরিয়ার রুকবান শরণার্থী শিবিরে দুটি গাড়িবোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 May 2017, 02:01 PM

Updated : 11 Apr 2022, 11:35 PM

সোমবার রাতের এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার এক বিদ্রোহী বাহিনীর এক কর্মকর্তা ও শিবিরটির এক বাসিন্দা।

একটি গাড়িবোমা একটি রেঁস্তোরার কাছে ও অপরটি নিকটবর্তী বাজারে বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন তারা।

শিবিরটির পুলিশি দায়িত্বে নিয়োজিত বিদ্রোহী গোষ্ঠী জইশ আহরার আল আশায়ির এর কর্মকর্তা মোহাম্মদ আদনান বলেন, “বিস্ফোরণে অন্তত ছয়জন বেসামরিক নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।” 

হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ।

নিজেদের বার্তা সংস্থা আমাকে প্রকাশিত এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস), জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী এসআইটিই ।

জানুয়ারিতে শিবিরটিতে চালানো অপর এক গাড়িবোমা হামলায় শিবিরটির বহু বেসামরিক বাসিন্দা নিহত হয়েছিল। তারপর থেকে ওই এলাকায় অবস্থানরত সিরীয় বিদ্রোহী বাহিনীগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে আইএসের জঙ্গিরা।

সিরীয়-জর্দান সীমান্তে অবস্থিত রুকবান শিবিরটি শরণার্থীদের পাশাপাশি জইশ আহরার আল আশায়ির বিদ্রোহী বাহিনীসহ কয়েকটি বিদ্রোহী বাহিনীর ঘাঁটি। এরা সবাই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে লড়াই করার পাশাপাশি আইএসের বিরুদ্ধেও লড়াই করছে।