কোমিকে হুমকি দিয়ে এবার ‘টেপ’ হস্তান্তরের চাপে ট্রাম্প
এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করার পরপরই টুইট করে গণমাধ্যমে কথা বলার ব্যাপারে তাকে হুঁশিয়ার করা এবং কথপোকথনের গোপন ‘টেপ’ থাকার প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর এবার এ ধরনের যে কোনও রেকর্ডিং হস্তান্তরের চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কোমির সঙ্গে ট্রাম্পের আলাপচারিতার কোনও ‘টেপ’ আদৌ আছে কি না সে বিষয়টি স্পষ্ট নয়। কিন্তু এমন কোনও ধরনের রেকর্ডিং থেকে থাকলে তা অবিলম্বে হস্তান্তরের জন্য ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন ঊর্ধ্বতন আইনপ্রণেতারা।
সিনেট ডেমোক্র্যাটিক নেতা চার্লস শুমার সতর্ক করে দিয়ে সিএনএন- এ বলেছেন, “কোনও টেপ থেকে থাকলে প্রেসিডেন্টের উচিত অবিলম্বে তা হস্তান্তর করা। আর টেপ নষ্ট করে ফেলা হলে তা আইন লঙ্ঘন করা হবে।”
শুমার আরও বলেন, “ট্রাম্পের কাছে কোনও টেপ না থেকে থাকলে তাকে জেমস কোমি এবং আমেরিকার জনগণের কাছেও ক্ষমা চাইতে হবে। কারণ, তিনি সবাইকে বিভ্রান্ত করেছেন।”
ওদিকে, রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এনবিসি কে বলেছেন, “কোনও টেপ আছে কিনা সে বিষয়টি হোয়াইট হাউজের স্পষ্ট করে বলা উচিত। আর আলাপচারিতার কোনও টেপ থাকলে তা হস্তান্তরও করা প্রয়োজন।”
গত শুক্রবার একের পর এক টুইটে দুইজনের কথোপকথনের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে গণমাধ্যমে এসব নিয়ে কথা বলার ব্যাপারে কোমিকে সতর্ক থাকতে বলেন ট্রাম্প। কোমির সঙ্গে আলাপের টেপ তার কাছে থাকতে পারে বলেও টুইটে ইঙ্গিত দিয়ে ট্রাম্প গণমাধ্যমে কোমিকে বানোয়াট কিছু না বলার জন্য সতর্ক করেন।
কোমিকে করা টুইটে ট্রাম্প বলেন, “গণমাধ্যমে কথা বলতে শুরু করার আগে কোমি কেবল এটিই আশা করতে পারেন যে, আমাদের কথপোকথনের কোনও টেপ নেই। এ ধরনের টেপ থেকে থাকলে সেটিতে তার আগের বক্তব্যের সঙ্গে মিল নাও থাকতে পারে।”
ট্রাম্পের এ প্রচ্ছন্ন হুমকির পরই আইনপ্রণেতাদের কাছ থেকে রেকর্ডিং হস্তান্তরের আহ্বান এল। হোয়াইট হাউজ এখনও কোনও টেপ থাকার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার কোনওটিই করেনি।
