তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ২০
তুরস্কে সমুদ্রতীরবর্তী রিসোর্ট মারমারিসে পর্যটক বোঝাই একটি বাস পাহাড়ী রাস্তা থেকে পড়ে গিয়ে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছে।
বিবিসি জানায়, মুগলা প্রদেশে এ দুর্ঘটনায় আরও ১১ জন আহত হয়েছে।
যদিও বার্তা সংস্থা রয়টার্স নিহতের সংখ্যা ১৭ এবং আহতের সংখ্যা ১৩ বলেছে।
স্থানীয় টেলিভিশনের ফুটেজে হলুদ রঙের একটি বাস রাস্তার উপর কাত হয়ে পড়ে থাকতে দেখা যায়।
পশ্চিমের শহর ইজমির থেকে বাসটি ছেড়ে এসেছিল।
মুগলার গভর্নর আমরিক কিকেক বলেন, খুব সম্ভবত বাসটির ব্রেক কাজ করছিল না। যে কারণে চালক নিয়ন্ত্রণ হারায়।
তবে মারমারিসের মেয়রের ধারণা, চালকের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে।
বাসটি পাহাড়ী রাস্তার পাশে থাকা নিরাপত্তা বেড়া ভেঙ্গে নিচের আরেকটি রাস্তায় গিয়ে পড়ে।
