টুইটারে কোমিকে হুঁশিয়ারি, ‘টেপ’ এর হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক টুইটে সদ্য বরখাস্ত হওয়া এফবিআই প্রধান জেমস কোমিকে গণমাধ্যমে কোনও কথা ফাঁস না করার ব্যাপারে হুঁশিয়ার করেছেন এবং তাদের মধ্যকার কথপোকথনের রেকর্ড থাকতে পারে বলেও প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন।
কোমিকে করা টুইটে ট্রাম্প বলেন, “গণমাধ্যমে কথা বলতে শুরু করার আগে কোমি কেবল এটিই আশা করতে পারেন যে, আমাদের কথপোকথনের কোনও টেপ নেই। এ ধরনের টেপ থেকে থাকলে সেটিতে তার আগের বক্তব্যের সঙ্গে মিল নাও থাকতে পারে।”
ট্রাম্পের এ হুঁশিয়ারি থেকে এমন আভাসই পাওয়া যাচ্ছে যে, কোমি তার নিজস্ব বক্তব্যে ঘটনার বর্ণনা দিলেও প্রশাসন সেটির পাল্টা কোনও বক্তব্য দিয়ে টেপ তৈরি করতে পারে। যদিও এমন কোনও টেপ আছে কিনা সেটি পরিষ্কার নয়।
আবার কোমির কোনও বক্তব্যকে চ্যালেঞ্জ করার জন্য আলাপচারিতার কোনও গোপন রেকর্ডিং ব্যবহার করা হতে পারে বোঝাতে ট্রাম্প ‘টেপ’ এর এর কথা বলেছেন নাকি কোমিকে গণমাধ্যমে কথা বলা থেকে বিরত রাখতে কেবল ‘টেপ’ এর ভয় দেখিয়েছেন সেটিও স্পষ্ট নয়।
তবে ট্রাম্পের এ প্রচ্ছন্ন হুমকিতে কোমিকে হঠাৎ বরখাস্ত করা নিয়ে ইতোমধ্যেই শুরু হওয়া আলোচনা-সমালোচনার ঝড় আরও তীব্র হবে বলেই মনে করা হচ্ছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সময় ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে তদন্তকারী বিশেষ কৌসুঁলি বরখাস্ত হওয়ার পর হোয়াইট হাউজে নিক্সনের আলাপচারিতা টেপ করার বিষয়টি প্রকাশ হয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত তা নিক্সনের পদত্যাগ পর্যন্ত গড়ায়।
ট্রাম্প অবশ্য শুক্রবারের টুইটে আলাপচারিতা রেকর্ড করার ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি। তবে প্রেসিডেন্টদের আলাপচারিতা রেকর্ড করার ইতিহাস আছে। বিভিন্ন পন্থায় অপরপক্ষের অগোচরে এ রেকর্ড করা হয়ে থাকে। ১৯৪০ থেকে ১৯৭৩ সালের মধ্যে ছয়জন প্রেসিডেন্ট বিভিন্ন বৈঠক এবং টেলিফোনালাপ রেকর্ড করেছেন।
ট্রাম্প শুক্রবার সকালে টুইটের পর টুইট করে তার কোমিকে বরখাস্ত করার সিদ্ধান্তের সমালোচকদের পাশাপাশি গণমাধ্যমের প্রতিক্রিয়া নিয়ে আক্রমণাত্মক কথা বলেছেন। হোয়াইট হাউজে দৈনিক সংবাদ ব্রিফিং বাতিলেরও হুমকি দিয়েছেন তিনি।
কোমিকে কিভাবে এবং কেন বরখাস্ত করা হল সে প্রশ্নের উত্তর খুঁজতে গণমাধ্যমগুলো উঠেপড়ে লাগায় তাদের ওপর ত্যাক্ত-বিরক্ত হয়ে ট্রাম্প সংবাদ ব্রিফিং বন্ধ করার ওই হুমকি দেন।
যুক্তরাষ্ট্রে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং ট্রাম্পের প্রচারশিবিরের সঙ্গে দেশটির সম্ভাব্য আঁতাতের বিষয়টি নিয়ে এফবিআই তদন্তের নেতৃত্ব দিচ্ছিলেন জেমস কোমি। এ সময়টিতেই গত মঙ্গলবার তাকে হুট করে বরখাস্ত করেন ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প এ তদন্তকে ‘প্রহসন’ বলে দাবি করেছেন। রাশিয়া নিয়ে তদন্ত করছিলেন বলেই কোমিকে বরখাস্ত হতে হয়েছে এমন অভিযোগ উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেছেন, কোমির অনুপযুক্ততার কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে। রাশিয়া নিয়ে তদন্তের কারণে নয়।
