২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা: কানাডার মন্ট্রিয়াল শহরে জরুরি অবস্থা জারি

কয়েক দিনের টানা বৃষ্টিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যা দেখা দেওয়ায় কানাডার মন্ট্রিয়াল শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 May 2017, 01:30 PM

Updated : 11 Oct 2022, 01:58 PM

শুক্রবার ভোররাত থেকে শহরটিতে টানা মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে, এতে সৃষ্ট বন্যা ছড়িয়ে পড়ায় রোববার বিকেলে জরুরি অবস্থা ঘোষণা করা হয় বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

এই বৃষ্টিপাতকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন কুইবেকের পরিবেশমন্ত্রী ডেভিড হিউর্তেল।

প্রাথমকিভাবে ৪৮ ঘন্টার জন্য এই জরুরি অবস্থা বলবৎ থাকবে, তারপর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জরুরি অবস্থা ঘোষণার ফলে বন্যা মোকাবিলায় অতিরিক্ত রসদ পাবেন দমকল কর্মীরা।

পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কয়েকদিন লাগবে বলে এক বিবৃতিতে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

কানাডার কুইবেক প্রদেশের ১২৬টি পৌরসভাকে এখন আংশিকভাবে বন্যাকবলিত বলে বিবেচনা করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা কয়েক হাজার বলে জানিয়েছে সিবিসি নিউজ।  

প্রদেশটির সবচেয়ে বড় শহর মন্ট্রিয়ালে বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ির ২২১ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। শহরের বাসিন্দাদের বাড়ি ছাড়ার নির্দেশ মান্য করে চলার আহ্বান জানিয়েছেন মেয়র ডেনিস কোদেরে।

বন্যা পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষকে সহায়তা করতে কানাডীয় সামরিক বাহিনী ১,২০০ সেনা মোতায়েন করেছে।