২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

 ছাঁটাইয়ের প্রতিবাদে অস্ট্রেলিয়ায় সাংবাদিক ধর্মঘট

গণ ছাঁটাইয়ের ঘোষণার প্রতিবাদে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় গণমাধ্যম কোম্পানিগুলোর অন্যতম ফেয়ারফ্যাক্স মিডিয়ার সাংবাদিকরা এক সপ্তাহের ধর্মঘট শুরু করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 08:26 PM

Updated : 11 Apr 2022, 11:30 PM

বিবিসি জানায়, আয় অনেক কমে যাওয়ায় খরচ সামাল দিতে বুধবার ফেয়ারফ্যাক্স কর্তৃপক্ষ সম্পাদনা বিভাগের ১২৫ জনকে ছাঁটাই করার ঘোষণা দেয়। যাদের একচতুর্থাংশই বার্তাকক্ষে কাজ করেন।

জবাবে আগামী সপ্তাহ পর্যন্ত ধর্মঘটের ডাক দেয় কর্মীরা। আগামী সপ্তাহে ফেডারেল বাজেট ঘোষণা করা হবে। সংবাদকর্মীরা এরপর পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবে।

অস্ট্রেলিয়ার জনপ্রিয় পত্রিকা ‘সিডনি মর্নিং হেরাল্ড’, মেলবোর্ন থেকে প্রকাশিত ‘দ্য এজ’ এবং ‘অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউ’ ফেয়ারফ্যাক্স মিডিয়ার অন্তর্ভুক্ত।

সিডনি মর্নিং হেরাল্ডের প্রধান রাজনৈতিক প্রতিনিধি জেমস মাসোলা’র টুইট, “এক সপ্তাহের জন্য ধর্মঘটে আছি।”তার সহকর্মী জুডিথ আয়ারল্যান্ড টুইট, “মানসম্পন্ন সাংবাদিকতার জন্য কাজ করতে প্রকৃত সাংবাদিকদের প্রয়োজন।”

বিশ্বজুড়ে অন্যান্য গণমাধ্যমের মত ফেয়ারফ্যাক্সেরও মুদ্রণ সংস্করণের কাটতি কমে গেছে। যে কারণে বিজ্ঞাপন থেকে আয়ও অনেক কমে গেছে।

কর্মী ছাঁটাইয়ের নতুন ঘোষণা দেওয়ার পাশাপাশি ফ্রিল্যান্সারদের ব্যবহারও কমিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

অস্ট্রেলিয়ায় সাংবাদিকদের সংগঠন মিডিয়া এন্টারটেইনমেন্ট অ্যান্ড আটর্স অ্যালায়েন্সের পক্ষ থেকে ফেয়ারফ্যাক্সের এ ঘোষণার কড়া সমালোচনা করা হয়েছে।

সংগঠনটির প্রধান নির্বাহী পল মুরফি বলেন, “এ উদ্যোগ শুধুমাত্র তাদের নামের ক্ষতি করবে, তারা পাঠক হারাবে এবং সম্পাদকীয় কাজে বাকি যারা বহাল আছেন তাদের জন্য এই শূন্যস্থান পূরণে আরও কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে হবে।”

ফেয়ারফ্যাক্সের প্রধান প্রতিদ্বন্দ্বী মিডিয়া মোগল রুপার্ট মর্ডকের দ্য নিউজ করপোরেশন অস্ট্রেলিয়ারও রাজস্ব আয় পড়তির দিকে। তারাও ছাঁটাই পরিকল্পনার ঘোষণা দিয়েছে।