তুরস্কে মে দিবসের বিক্ষোভে কাঁদুনে গ্যাস, রবার বুলেট
তুরস্কের ইস্তাম্বুলে মে দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইস্তাম্বুলের বিভিন্ন এলাকা থেকে দুইশতাধিক মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। তুরস্কে প্রতিবছর মে দিবস বেশ ঘটা করে পালন করা হয়।
প্রতিবার মে দিবসে তুরস্কের বিভিন্ন শ্রমিক ইউনিয়ন মিছিল করে ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে অবস্থিত তাকসিম স্কয়ারে জড় হয়।
এ বছর তাকসিম স্কয়ারে সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার।
তাকসিম স্কয়ারে সমাবেশ নিষিদ্ধ করা ছাড়াও এদিনে ইস্তাম্বুল জুড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। আকাশে হেলিকপ্টার চক্কর দিতেও দেখা গেছে।
সংবিধান সংস্কার নিয়ে গণভোটে সামান্য ব্যবধানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের জয়ের কারণে এ বছর মে দিবস ঘিরে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল।
ইস্তাম্বুল উপকণ্ঠে মেসিডিয়েকোইয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস এবং রবার বুলেট ব্যবহার করে। ওই বিক্ষোভকারীরা মিছিল করে তাসকিম স্কয়ারের দিকে আগ্রসর হওয়ার চেষ্টা করছিল।
তারা ‘তাকসিম আমাদের এবং আমাদেরই থাকবে’ বলে শ্লোগান দেয়।
দোগান নিউজ এজেন্সি জানায়, দুই বিক্ষোভকারী তাকসিম স্কয়ারে ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয়।
“এছাড়াও ৪০টি পেট্রোল বোমা, ১৭টি হ্যান্ডগ্রেনেড, ও ১৭৬টি বাজি জব্দ করা হয়েছে।”
বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং পশ্চিমা দেশগুলোর অভিযোগ, গত বছর ব্যর্থ অভ্যূত্থানের পর থেকে তুরস্কে খুবই নিষ্ঠুরভাবে বাকস্বাধীনতাকে হত্যা করা হচ্ছে।
