ক্ষমতার ১শ’ দিনেই জনপ্রিয়তার তলানিতে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা নেওয়ার ১শ’ দিনেই জনপ্রিয়তার দিক দিয়ে একেবারে তলানিতে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। সিএনএন/ওআরসি’র নতুন এক জরিপে এমনটিই দেখা গেছে।
ট্রাম্প যেভাবে কাজ চালাচ্ছেন তা সমর্থন করেছে মাত্র ৪৪ শতাংশ মানুষ। আর ৫৪ শতাংশই এর বিপক্ষে মত দিয়েছে। ট্রাম্প নির্বাচিত হওয়ার পরপরই সিএনএন/ওআরসি পরিচালিত দুটো জনমত জরিপে যে ফল এসেছিল এখনকার জরিপ দুটোও প্রায় একই।
যুক্তরাষ্ট্রের আগের সব প্রেসিডেন্টের তুলনায় জনপ্রিয়তার দিক থেকে সবচেয়ে পিছিয়ে আছেন ট্রাম্প। তার জনপ্রিয়তা মাত্র ৪৪ শতাংশ। এর আগের প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা ছিল ৬৩ শতাংশ, জর্জ ডব্লিউ বুশের ছিল ৬২ শতাংশ এবং বিল ক্লিনটনের ছিল ৫৫ শতাংশ।
ট্রাম্পের জনপ্রিয়তায় ধসের কারণ হিসাবে দুটো বিষয় জরিপে উঠে এসেছে। আর তা হল স্বাস্থ্যসেবা এবং অভিবাসন। ট্রাম্প এ দুটো বিষয় যেভাবে সামাল দেওয়ার চেষ্টা করেছেন তা সমর্থন করেনি ১০ জনে ৬ জন আমেরিকান।
তবে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর থেকে দেশের এগিয়ে যাওয়ার দুটো পদক্ষেপে উন্নয়নের লক্ষণ দেখা গেছে। দেশের সবকিছুই ভাল চলছে বলে মত দিয়েছে ৫৪ শতাংশ মানুষ। ফেব্রুয়ারিতে যা ছিল ৪৬ শতাংশ। দেশের অর্থনৈতিক অবস্থা ভাল বলেও মত দিয়েছে প্রায় ১০ জনে ৬ জন। জানুয়ারির মাঝামাঝি সময়ের চাইতে এ হার বেশি।
তবে তারপরও ট্রাম্পের কাজ পরিচালনা নিয়ে এখনও নেতিবাচক মত দিয়েছে বহু মানুষ। অনেকেই বলেছে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর দিকে যথেষ্ট মনোযোগ দেননি ট্রাম্প- বলছে, ৫৫ শতাংশ মার্কিনি। তিনি আরও কার্যকরভাবে কাজ চালানোর জন্য কঠোর পরিশ্রম করছেন না বলে মত দিয়েছে ৫১ শতাংশ মার্কিনি। হোয়াইট হাউসে শীর্ষ উপদেষ্টাদের নিয়োগের বিষয়টি ট্রাম্প ভালভাবে সম্পন্ন করতে পারেননি বলে মত দিয়েছে ৫৬ শতাংশ মানুষ।
প্রচারাভিযানে দেওয়া প্রতিশ্রুতিও ট্রাম্প ঠিকমত পালন করতে পারেননি বলে মত দিয়েছে ৫২ শতাংশ মানুষ। ৬১ শতাংশ মানুষ বলেছে, বিশ্ব নেতারা ট্রাম্পকে বেশি শ্রদ্ধা করেন না। আর ৫২ শতাংশ মানুষ বলেছে, ট্রাম্পের দৃষ্টিভঙ্গি দেশকে অযথাই ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।
