২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের ঐতিহাসিক গণভোটে এগিয়ে এরদোয়ান শিবির

তুরস্কের ইতিহাসে দেশটির রাজনৈতিক পদ্ধতির সবচেয়ে বড় পরিবর্তনের লক্ষ্যে আয়োজিত গণভোটে জনগণ প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের হাতে নতুন করে প্রভূত ক্ষমতা মঞ্জুরের পক্ষেই ভোট দিয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে আংশিক ভোট গণনার ফলে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Apr 2017, 12:50 PM

Updated : 11 Apr 2022, 11:24 PM

৯৮ শতাংশ ভোট গণনায় ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫১ দশমিক ৩ শতাংশ এবং ‘না’ ভোট পড়েছে প্রায় ৪৮ দশমিক ৭ শতাংশ। ভোটের এ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এরদোয়ান শিবির খুব কম ব্যবধানে এগিয়ে রয়েছে।

রয়টার্স বার্তা সংস্থা বলছে, তুরস্কের সবচেয়ে বড় তিনটি নগরী ইস্তাম্বুল, ইজমির এবং রাজধানী আঙ্কারার ভোটের ফল ‘না’ আসবে বলেই আভাস পাওয়া যাচ্ছে। ফলে সর্বশেষ ভোট গণনায় এ ব্যবধান আরও কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববারের এ গণভোটে শেষপর্যন্ত ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে সংসদীয় গণতন্ত্র থেকে দেশটি প্রেসিডেন্ট শাসিত গণতান্ত্রিক দেশে পরিণত হবে। এতে দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান প্রভূত ক্ষমতার অধিকারী হবেন এবং তাকে ২০২৯ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় দেখা যেতে পারে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।

এরদোয়ানের সমর্থকরা বলছেন, পার্লামেন্টারি ব্যবস্থা বদলে গিয়ে প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতা পেলে দেশ আরও আধুনিক হয়ে উঠবে। কিন্তু বিরোধীরা বলছেন, এরদোয়ান প্রভূত ক্ষমতার অধিকারী হলে তিনি আরও কর্তৃত্বপরায়ন হয়ে উঠতে পারেন।

রোববার তুরস্কের পূর্বাঞ্চলে স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয় এবং দেশের বাদবাকী অংশে ভোট শুরু হয় স্থানীয় সময় সকাল ৮টা থেকে। উভয় জায়গায় বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়। দেশটির প্রবাসী নাগরিকদের ভোট আগেই গ্রহণ করা হয়েছে।

ভোট গ্রহণ নিয়ে প্রাথমিক খবরগুলোতে ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল বলে জানানো হয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশে ভোট কেন্দ্রের কাছে তিন ব্যক্তি গুলিতে নিহত হওয়ারও খবর পাওয়া গেছে।

‘হ্যাঁ’ ভোট জয়ী হলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে তুরস্কের সম্পর্ক আরো ক্ষতিগ্রস্ত হবে। ইইউ’য়ের সঙ্গে এক চুক্তির পর তুরস্ক সিরিয়া ও ইরাক থেকে ইউরোপ অভিমুখী অভিবাসন প্রত্যাশীদের স্রোতের লাগাম টেনে ধরে।

সম্প্রতি গণভোটের প্রচারণা নিয়ে ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নাজুক হওয়ার পর ওই চুক্তি পুনর্বিবেচনার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। ধারণা করা হচ্ছে, গণভোটে জয়ী হলে তিনি ওই হুমকি বাস্তবায়ন করতে পারেন।   

গত বছরের জুলাইয়ে এক ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ৪০ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং এক লাখ ২০ হাজার ব্যক্তিকে চাকরিচ্যুত করা হয়। এরদোয়ান সরকারের এই দমননীতির কড়া সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো ও অধিকার গোষ্ঠীগুলো।

পরিবর্তনগুলো কতটা গুরুতর?

গণভোটে হ্যাঁ জয়ী হলে প্রায় এক শতক আগে তুরস্ক প্রজাতন্ত্র হওয়ার পর থেকে এর সংবিধানে আমূল পরিবর্তন ঘটবে।

এরদোয়ান মন্ত্রিসভার মন্ত্রীদেরকে নিয়োগ দেওয়া, ডিক্রি জারি করা, সিনিয়র বিচারকদের বাছাই করা এমকি পার্লামেন্ট বিলুপ্ত করারও বিপুল ক্ষমতা পাবেন।

নতুন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ভূমিকা ক্ষীণ হয়ে পড়বে। সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হবে প্রেসিডেন্টের হাতে। রাষ্ট্রের গোটা আমলাতন্ত্র চলে যাবে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে।

এরদোয়ান বলছেন, অভ্যুত্থান প্রচেষ্টার ৯ মাস পর তুরস্কের নিরাপত্তায় চ্যালেজ্ঞের বিষয়টি আমলে নেওয়া এবং অতীতের নাজুক জোট সরকার এড়ানোর প্রয়োজনেই এ পরিবর্তনগুলো দরকার। এ গণভোট তুরস্কে একটি নতুন শাসনব্যবস্থা প্রবর্তন করবে। পরিবর্তন এবং উত্তরণের বিষয়টি বেছে নেওয়া না নেওয়ার ব্যাপার এটি।

নতুন পদ্ধতি অনেকটা ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মত হবে এবং শরণার্থী সঙ্কট থেকে শুরু করে প্রতিবেশী সিরিয়ায় যুদ্ধ, ইসলামি জঙ্গিবাদ, কুর্দি বিদ্রোহের মত নানা সঙ্কটে পরিপূর্ণ এ সময়ে এ ব্যবস্থা শান্তি নিয়ে আসবে বলেই যুক্তি দিয়েছেন এরদোয়ান।

‘না’ ভোট কেন?

প্রেসিডেন্ট এরদোয়ান প্রভূত ক্ষমতার অধিকারী হলে তিনি আরও কর্তৃত্বপরায়ন হয়ে উঠতে পারেন এবং দেশ এক মানুষের শাসনে চলে যাবে সে বিষয়টি নিয়ে শঙ্কা থাকার পাশাপাশি এতে অন্যান্য প্রেসিডেন্ট ব্যবস্থার সঙ্গে ভারসাম্য নষ্ট হওয়ার ভয়টিও থাকার কারণেই পরিবর্তনের বিরোধিতা করেছেন সমালোচকরা।

তারা বলছেন, এরদোয়ান রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে সক্ষম হয়ে উঠলে তিনি আবার একে পার্টির (একেপি) নেতৃত্বে আসতে পারেন| এতে করে নিরপেক্ষতার আর কোনও সুযোগ থাকবে না। ২০১৪ সালে এরদোয়ান একে পার্টির নেতা হিসাবে প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার পর পার্টির প্রথম কংগ্রেসে সর্বসম্মতক্রমে দলটির নেতা নির্বাচিত হয়েছিলেন প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু।

তুরস্কের প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) নেতা কেমাল কিলিকারোগলু আঙ্কারায় এক সমাবেশে বলেছেন, ‘হ্যাঁ’ ভোট দেশকে বিপদগ্রস্ত করে ‍তুলবে। এটি দেশের ৮ কোটি মানুষের ব্রেকবিহীন একটি বাসে ওঠারই সামিল।

বৃহত্তর প্রেক্ষাপটটি কেমন?

তুর্কিদের অনেকেরই আশঙ্কা, প্রেসিডেন্ট এরদোয়ান আরও বেশি কর্তৃত্বপরায়ণ হয়ে উঠবেন। গত জুলাইয়ে ব্যর্থ অভ্যূত্থান প্রচেষ্টার পর থেকে এরদোয়ান হাজার হাজার মানুষকে ধরপাকড় করেছেন, ১ লাখ মানুষকে চাকরিচ্যুত করেছেন কিংবা বরখাস্ত করেছেন।

অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দেশে জরুরি অবস্থা জারি থাকার মধ্যে গণভোটের প্রচার চলেছে।

গণভোটের প্রচার চালানোকে কেন্দ্র করে ইইউ এর সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটেছে। ইউরোপের কয়েকটি দেশেই তুর্কিদের উদ্দেশে গণভোটের প্রচার চালাতে গিয়ে ব্যর্থ হয়ে দেশে ফিরতে হয়েছে তুরস্কের মন্ত্রীদেরকে। ইউরোপীয়দের এই বাধাকে নাৎসীদের সঙ্গে তুলনা করেছেন এরদোয়ান।

গণভোটের প্রচারের সর্বশেষ একটি সমাবেশে এরদোয়ান এও বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বলিষ্ঠভাবে জয়ী হলে পশ্চিমারা একটি শিক্ষা পাবে।

প্রেসিডেন্ট এরদোয়ান একদশক ধরে প্রধানন্ত্রী থাকার পর ২০১৪ সালে প্রেসিডেন্ট হন। তার পদটি ছিল অলঙ্কারিক। কিন্তু তিনি তার ব্যক্তিত্বের জোরে এ অলঙ্কারিক পদটিকেই গুরুত্বপূর্ণ ক্ষমতার চালিকাশক্তিতে পরিণত করেছেন। অভ্যুত্থান প্রচেষ্টার পর ব্যাপক দমাভিযান চালিয়েছেন তিনি। অভ্যুত্থানের সমর্থক যারা ছিল তাদের বাইরের লোকজনও এরদোয়ানের দমনাভিযানের কোপে পড়েছে।

‘হ্যাঁ’ ভোট জয়ী হলে আসবে যে পরিবর্তনগুলো:

আগে যা ছিল:                                                                     

. পার্লামেন্টারি সিস্টেম।

.প্রেসিডেন্টের প্রতীকী ক্ষমতা। আর প্রধানমন্ত্রী ও সরকারের সক্রিয় নির্বাহী ক্ষমতা।

.প্রেসিডেন্ট কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং তিনি কোনও দলের নেতা হতে পারে না।

. সুপ্রিম কোর্টের ২২ সদস্যের ৪ সদস্য নিয়োগ দিতে পারেন প্রেসিডেন্ট। বাকীদেরকে বিচারক ও কৌঁসুলিরা নিয়োগ দেন।

. ডিক্রি জারি করার ক্ষমতা মন্ত্রিসভার হাতে।

পরে যা হবে:

.প্রেসিডেন্সিয়াল সিস্টেম

.প্রেসিডেন্ট নির্বাহীর ক্ষমতা পাবেন

.প্রেসিডেন্ট রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন।

. সুপ্রিম কোর্টের ১৩ সদস্যের ৫ জনকে প্রেসিডেন্ট নিয়োগ দিতে পারবেন। বাকীদেরকে নিয়োগ দেবে পার্লামেন্ট।

.প্রেসিডেন্ট ডিক্রি জারি করার ক্ষমতা পাবেন।

নতুন সংবিধানে কি আছে?

খসড়ায় বলা হয়েছে, তুরস্কে আগামী পার্লামেন্টারি নির্বাচন ২০১৯ সালের ৩ নভেম্বরে অনুষ্ঠিত হবে।

.প্রেসিডেন্টের মেয়াদ হবে ৫ বছর। সবোর্চ্চ দু’মেয়াদে থাকতে পারবেন তিনি।

. প্রেসিডেন্ট সরাসরি মন্ত্রীসহ শীর্ষ সরকারি কর্মকর্তাদেরকে নিয়োগ দিতে পারবেন।

. প্রেসিডেন্ট এক বা একাধিক ভাইস প্রেসিডেন্টও রাখতে পারবেন।

. প্রধানমন্ত্রীর (বর্তমান প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম) আর কোনও ভূমিকা থাকবে না।

.বিচারবিভাগে হস্তক্ষেপ করার ক্ষমতা পাবেন প্রেসিডেন্ট।

.জরুরি অবস্থা জারি করা হবে কিনা সে সিদ্ধান্ত নিতে পারবেন প্রেসিডেন্ট স্বয়ং।