২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিদূত মালালা

নোবেলে শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাইকে জাতিসংঘের শান্তিদূত করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2017, 04:02 PM

Updated : 11 Apr 2022, 11:23 PM

এর মাধ্যমে এ-লেভেলের শিক্ষার্থী ১৯ বছরের মালালা জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিদূত হলেন, জানিয়েছে বিবিসি।

জাতিসংঘের শান্তিদূত হিসেবে মালালা মেয়েদের শিক্ষা নিয়ে কাজ করবেন।

মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে প্রচারণা চালানোয় ২০১২ সালে জঙ্গিগোষ্ঠী তালেবানের হামলার শিকার হন মালালা। তাকে প্রায় মেরে ফেলা হয়েছিল। পাকিস্তানে প্রাথমিক চিকিৎসার পর লন্ডনে ব্যয়বহুল অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে তাকে সারিয়ে তোলা হয়। 

নিউ ইয়র্কে জাতিসংঘের দপ্তরে সর্বোচ্চ সাম্মানিক এ দায়িত্ব গ্রহণের পর মালালা বলেন, “(পরিবর্তনের সূচনা) আমাদের সঙ্গে শুরু হয়েছে এবং এখন থেকেই শুরু হওয়া উচিত। উজ্জ্বল ভবিষ্যৎ চাইলে আপনাকে এখনই কাজ শুরু করতে হবে, কারো জন্য অপেক্ষা করা চলবে না।”

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস মালালাকে ‘বিশ্বের সবচেয়ে সম্ভাব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়- সবার জন্য শিক্ষার প্রতীক’ হিসেবে বর্ণনা করেন।

শিল্প, সাহিত্য, বিজ্ঞান, বিনোদন, খেলাধুলা ও জনজীবনের অন্যান্য ক্ষেত্র থেকে বেছে নেওয়া প্রতিনিধিকে জাতিসংঘের শান্তিদূত করা হয়। এ পর্যন্ত যারা এ সম্মানটি পেয়েছেন তাদের মধ্যে মুহাম্মদ আলি, জর্জ ক্লুনি, মাইকেল ডগলাস, লিওনার্দো ডিক্যাপ্রিও, ওয়াঙ্গারি মাথাই আছেন।