২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় শিক্ষিকাকে গুলি করে হত্যার পর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক বন্দুকধারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদানরত এক শিক্ষিকাকে গুলি করে হত্যা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2017, 01:15 AM

Updated : 11 Oct 2022, 01:47 PM

পুরনো খবর:

যুক্তরাষ্ট্রে সেবাকেন্দ্রে ঢুকে নির্বিচারে গুলি, নিহত ১৪
যুক্তরাষ্ট্রে গুলিতে রক্তক্ষয়ের সবচেয়ে বড় ঘটনাগুলো

তার গুলিতে এক ছাত্র নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছে, পরে সে নিজেও আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার লস অ্যাঞ্জেলস থেকে ৬৫ মাইল দূরে সান বার্নাডিনোর নর্থ পার্ক এলিমেন্টারি স্কুল এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, হতাহত দুই ছাত্র পরিস্থিতির শিকার।

বন্দুকধারী নিহত শিক্ষিকার সাবেক স্বামী। তাদের উভয়ের বয়স ৫৩ বছর। এক কি দেড় মাস আগে তাদের স্বল্পকালীন দাম্পত্য জীবনের অবসান ঘটেছিল।

আত্মহত্যাকারী বন্দুকধারীর বিরুদ্ধে অস্ত্র ও গৃহ সহিংসতার ফৌজদারি অপরাধের রেকর্ড আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

২০১৫ সালের ডিসেম্বরে এই সান বার্নাডিনোতেই কট্টরপন্থি এক মুসলিম দম্পতির নির্বিচার গুলিবর্ষণে ১৪ জন নিহত হন। দুটি ঘটনাস্থলের মধ্যে দূরত্ব আট মাইল।

 

বন্দুকধারীর নাম সেডরিক অ্যান্ডারসন এবং তার নিহত সাবেক স্ত্রীর নাম কারেন এলাইনি স্মিথ বলে জানিয়েছেন পুলিশ প্রধান জ্যারড বারাগান। 

ঘটনার সময় হতাহত দুই ছাত্র স্মিথের পেছনে দাঁড়িয়েছিল বলে জানিয়েছেন তিনি। এদের মধ্যে নিহত ছাত্রের বয়স আট বছর এবং তার নাম জোনাথন মার্টিনেজ।

আহত ছাত্রের বয়স নয়। তার নাম প্রকাশ করা হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রটির অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বারাগান।

ঘটনার সময় ওই শ্রেণিকক্ষে ১৫ জন শিক্ষার্থী ও স্মিথের সঙ্গে দুজন সহকারী শিক্ষক ছিলেন। সাবেক স্বামী স্মিথের সঙ্গে দেখা করতে এলে তাকে স্বাগত জানানো হয়েছিল, কিন্তু সে হাই ক্যালিবারের একটি পিস্তল বের করে গুলি করে হতাহতের ঘটনার পর নিজেও আত্মহত্যা করে।   

সান বার্নাডিনোর এই ঘটনা যুক্তরাষ্ট্রের স্কুল ক্যাম্পাসে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সহিংসতার সর্বশেষ ঘটনা। দেশটির স্কুলগুলোতে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনা ঘটে থাকে।