২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নির্বাচনে হ্যাকিং: স্পেনে রাশিয়ান হ্যাকার গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ‘হ্যাকিং’ এ জড়িত থাকার অভিযোগে স্পেনের পুলিশ রাশিয়ার একজন কম্পিউটার প্রোগ্রামারকে গ্রেপ্তার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2017, 10:39 PM

Updated : 11 Apr 2022, 11:22 PM

স্পেনের গণমাধ্যমের খবরে বলা হয়, গত ৭ এপ্রিল পিয়ত্র লেভাশভকে বার্সেলোনা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এল কনফিডেনশিয়াল নামে স্পেনের একটি নিউজ ওয়েব সাইটের খবরে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরকে সাহায্যের জন্য ‘হ্যাকিং’ এর অভিযোগে সন্দেহভাজন হিসেবে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ লেভাশভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

লেভাশভের স্ত্রীও রুশ গণমাধ্যমকে উপরুক্ত অভিযোগে তার স্বামী গ্রেপ্তার হয়েছেন বলে জানান।

স্পেনে ছুটি কাটাতে গিয়ে তিনি গ্রেপ্তার হন। যুক্তরাষ্ট্র তাকে হস্তান্তরের অনুরোধ জানিয়েছে এবং স্পেনের জাতীয় অপরাধ আদালত এ অনুরোধ বিবেচনা করে দেখছে বলে জানিয়েছে বিবিসি।

এ বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ট্রাম্পকে জেতাতে রুশ হ্যাকারদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ হস্তক্ষেপের কথা জানায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই এটি হয়েছে বলেও তারা সন্দেহ প্রকাশ করেন।

ট্রাম্প এবং রাশিয়া উভয়ই ওই অভিযোগ অস্বীকার করেছে।