২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টকহোম হামলা: ঘাতক লরিতে ‘সন্দেহজনক বস্তু’

যে লরিটি ব্যবহার করে সুইডেনের রাজধানী স্টকহোমে হামলা চালানো হয়েছে তার ভিতরে সন্দেহজনক একটি বস্তু পাওয়ার কথা নিশ্চিত করেছে সুইডেন পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2017, 10:33 AM

Updated : 11 Oct 2022, 01:45 PM

ওই বস্তুটি চালকের আসনে পাওয়া গেছে বলে শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশ কমিশনার ড্যান এলিয়াসন, খবর বিবিসির। তবে বস্তুটি বোমা না অন্য কিছু তা জানা যায়নি।

“এই পর্যায়ে আমি বলতে পারছি না এটি একটি বোমা অথবা সে ধরনের কোনো দাহ্য বস্তু। এ বিষয়ে আমরা একটি তদন্ত শুরু করেছি,” বলেন এলিয়াসন।

পুলিশ জানিয়েছে, ওই ‘টেকনিক্যাল ডিভাইসটি’ আসলে কী তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে ‘বস্তুটি সেখানে থাকার কথা নয়’ এটুকুই বলা যায়। 

শুক্রবার এক ব্যক্তি বিয়ার বহনকারী একটি লরি ছিনতাই করে স্টকহোমের ড্রনিংয়েটেন (কুইন স্ট্রিটে) ব্যস্ত বিপণীবিতান এলাকায় ভিড়ের ওপর দিয়ে চালিয়ে একটি ডিপার্টমেন্ট স্টোরের জানালা ভেঙে ঢুকে পড়ে। এতে চারজন নিহত ও ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে ১০ জন এখনো হাসপাতালে ভর্তি আছে, এদের মধ্যে একজন শিশু। আহত দুই জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। 

এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে ধূসর হুডি পরা এক ব্যক্তির ছবি প্রকাশের পর শুক্রবার স্টকহোমের উত্তরাংশ থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ব্যক্তিই ওই লরি দিয়ে চালানো হামলার সন্দেহভাজন চালক বলে শনিবার নিশ্চিত করেছে তারা।

পুলিশ হেফাজতে থাকা ওই সন্দেহভাজন উজবেকিস্তান থেকে আসা ৩৯ বছর বয়সী এক পুরুষ বলে জানিয়েছেন এলিয়াসন, তবে তার নাম প্রকাশ করেননি। সে সুইডেনে বসবাস করতো কিনা তাও পরিষ্কার নয়।

Image
হামলার সঙ্গে জড়িত সন্দেহে ধূসর হুডি পরা এক ব্যক্তির ছবি প্রকাশের পর একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: সুইডেন পুলিশ

হামলার সঙ্গে জড়িত সন্দেহে ধূসর হুডি পরা এক ব্যক্তির ছবি প্রকাশের পর একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: সুইডেন পুলিশ

এই ব্যক্তিকে আগে থেকেই চিনতো সুইডেনের গোয়েন্দা সংস্থাগুলো। কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে এই ব্যক্তির পরিষ্কার কোনো সম্পর্ক ছিল না। ‘নগন্য এই ব্যক্তিকে’ হুমকি মনে করেনি দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।

এই ব্যক্তি একাই হামলাটি চালিয়েছে বলে মনে করা হচ্ছে, তবে ‘এতে আরো লোক জড়িত থাকার বিষয়টি এখনও বাতিল করতে পারছেন না’ বলে জানিয়েছেন সুইডিশ পুলিশ কমিশনার।

শনিবার স্টকহোমের বেশ কয়েকটি ঠিকানায় পুলিশ তল্লাশি চালিয়ে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে আর কাউকে গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি।

ওদিকে শনিবার রাতে নরওয়ের রাজধানী অসলোর গ্রোয়েনল্যান্ড এলাকা থেকে ‘বোমা-সদৃশ একটি বস্তু’ উদ্ধারের পর এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়েছে এবং যেখানে এটি পাওয়া গেছে সেই এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। এ বিষয়ে আরো তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তারা।