২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোর হামলার প্রধান পরিকল্পনাকারীসহ ১০ জঙ্গি নিহত

লাহোরে চালানো ১৩ ফেব্রুয়ারির আত্মঘাতী বোমা হামলার প্রধান পরিকল্পনাকারী আনওয়ারুল হকসহ জামাতুল আহরারের সন্দেহভাজন ১০ জঙ্গি নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2017, 03:15 PM

Updated : 11 Apr 2022, 11:21 PM

শুক্রবার রাতে পাঞ্জাব পুলিশের সন্ত্রাসবিরোধী বিভাগের (সিটিডি) অভিযানে এরা নিহত হন বলে জানিয়েছে ডন।  

সিটিডির এক মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, সিটিডির একটি দল আনওয়ারুল হকসহ গ্রেপ্তার পাঁচ সন্দেহভাজনকে নিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে লাহোরের থেকে মানাওয়ান যাওয়ার সময় রাত প্রায় সোয়া ১টার দিকে রিং  রোডের কাছে নয় ‘সন্ত্রাসী’ হামলা চালায়।

হামলাকারীরা গ্রেপ্তার সন্দেহভাজনদের মুক্ত করে মানাওয়ানের রাভি নদীর দিকে পালিয়ে যায়।

সিটিডির দলটির কর্মকর্তারা আরো ফোর্স তলব করে সন্দেহভাজনদের খুঁজতে শুরু করে। প্রায় পৌনে ২টার দিকে তারা সন্দেহভাজনদের খুঁজে পেয়ে তাদের ঘেরাও করে ফেলে। তাদের আত্মসমর্পণের আদেশ দেওয়া হলেও তা না মেনে তারা পুলিশের দলটিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।

এতে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। গোলাগুলি থামার পর ঘটনাস্থলে ১০ ব্যক্তির লাশ পাওয়া যায়।

নিহতদের মধ্যে আনওয়ারুলসহ পাঁচ জঙ্গিকে শনাক্ত করা সম্ভব হয় বলে জানিয়েছে সিটিডি। 

১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় লাহোরে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে দুই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাসহ ১৪ জনকে হত্যার দায় স্বীকার করেছিল পাকিস্তান তালেবানের (তেহরিক ই তালিবান পাকিস্তান বা টিটিপি) দলছূট অংশ জামাতুল আহরার।