২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ পার্লামেন্টে হামলা: আরও একজনের মৃত্যু

লন্ডনের ওয়েস্টমিনস্টার সেতুতে পথচারীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে হামলার ঘটনায় আহত এক নারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2017, 03:35 PM

Updated : 11 Oct 2022, 01:44 PM

পুরনো খবর:

ব্রিটিশ পার্লামেন্টে ‘সন্ত্রাসী’ হামলায় নিহত ৪
লন্ডনে হামলাকারীর নাম খালিদ মাসুদ

এই নিয়ে এ হামলায় নিহতের সংখ্যা পাঁচ হলো। এছাড়া, হামলাকারী খালিদ মাসুদও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

বিবিসির খবরে বলা হয়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান রুমানিয়ার নাগরিক আন্দ্রেয়া ক্রিস্টিয়া (৩১)।

ছেলেবন্ধু আন্দ্রেই বুরনাজের সঙ্গে লন্ডনে ছুটি কাটাতে এসেছিলেন ক্রিস্টিয়া।

গত ২২ মার্চ ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমন্সের অধিবেশন চলাকালে ওয়েস্টমিনস্টার সেতুতে স্থানীয় সময় বেলা ২টা ৪০ এ পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ার মধ্য দিয়ে হামলার শুরু করেন মাসুদ।

হামলার সময়ের ভিডিওতে মাসুদের গাড়ির ধাক্কায় এক নারীকে সেতুর উপর থেকে নিচে যেতে দেখা যায়। তিনিই ছিলেন ক্রিস্টিয়া।

পার্লামেন্ট প্রাঙ্গণের রেলিংয়ে ধাক্কা খাওয়ার পর মাসুদ ধূসর রঙের হুন্দাই গাড়িটি থেকে ছুরি হাতে নেমে দৌড়ে পার্লামেন্ট প্রাঙ্গণে ঢোকার সময় পুলিশ তাকে বাধা দেয়।

এ সময় তার ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা মারা যান।

ক্রিস্টিয়ার পরিবার থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলা হয়, তার চিকিৎসা ব্যয় বহনের জন্য যে অর্থসাহায্য পাওয়া গিয়েছিল তা দাতব্য কাজে ব্যয় করা হবে।

হামলায় ক্রিস্টিয়ার ছেলেবন্ধু বুরনাজও আহত হয়েছেন। তার পা ভেঙ্গে গেছে।

যুক্তরাজ্যে নিযুক্ত রুমানিয়ার রাষ্ট্রদূত বিবিসিকে বলেন, “বুরনাজের জন্মদিন উদযাপন করতে লন্ডনে এসেছিলেন এই জুটি। ওই দিন ক্রিস্টিয়াকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা ছিল বুরনাজের।”

হামলায় নিহত অন্যরা হলেন, আয়শা ফ্রাদে (৪৪), লেসলি রোডস (৭৫),  যুক্তরাষ্ট্রের পর্যটক কার্ট কোচরান (৫৪) এবং পুলিশ কর্মকর্তা পিসি কেইথ পালমার।