ট্রাম্প-শি বৈঠক, চ্যালেঞ্জ বাণিজ্য ও উত্তর কোরিয়া
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রথমবারের মতো ফ্লোরিডায় সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন।
উত্তর কোরিয়া এবং বাণিজ্য প্রশ্নে বাড়তে থাকা সঙ্কটের প্রেক্ষাপটে বিশ্বের দুই নেতার বৃহস্পতিবারের এ বৈঠক শুরুর সময়টিতে তাদের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে বিরাজ করছে এ দু’টি বিষয়ই।
অর্থনৈতিক ও সামরিকভাবে বিশ্বের ক্ষমতাধর দেশের এ দুই প্রেসিডেন্ট বিকালে ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে বৈঠকে বসছেন।
তার আগে ট্রাম্প তার সবচেয়ে আগ্রহী সমর্থকদের জন্য কিছু বাণিজ্য ছাড় দেওয়া এবং উত্তর কোরিয়া সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া থেকে ঠেকানো- এ দুয়ের চাপের মুখে আছেন।
ভোটে জেতার আগেই ট্রাম্প বলেছিলেন, চীনের সঙ্গে এত বাণিজ্য বৈষম্য তিনি মানবেন না। ক্ষমতা পেলে তিনি চীনের বিষয়ে কী করা যায় দেখবেন। আবার উত্তর কোরিয়াকে শায়েস্তা করার কাজেও চীনকে পাশে পাওয়া দরকার।
কিন্তু নির্বাচনী প্রচারের সময় থেকেই চীনের সঙ্গে বিরোধে জড়ান ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পরে এ বিরোধ আরও বাড়ে। তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, বাণিজ্য নিয়ে কড়া কথা, দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের টহল, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্রতা, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিসহ নানা বিষয় নিয়েই দু’দেশের মধ্যে বিরোধ চলার প্রেক্ষাপটে ট্রাম্প-শি’র বৈঠক বিশ্ব রাজনীতিতে বেশ গুরুত্ব পাচ্ছে। সবার নজর এখন এদিকে।
বন্ধুত্ব না শত্রুতা? কোন পথে যায় এ বৈঠক দেখতে উৎসুক সবাই।
ট্রাম্প ও শি’র ভিন্ন ব্যক্তিত্ব:
কোন নেতার সঙ্গে ট্রাম্পের আচরণ কি হবে তা আগে থেকে আঁচ করা যায় না। ক্ষুব্ধ ফোনালাপ, টুইট, রাগত স্বরে কথা বলা, বিব্রতকর কোনওকিছু করা ট্রাম্পের স্বভাবগত আচরণ। অন্যদিকে, শি বাহ্যিকভাবে কিছুটা ধীরস্থির, মেপে মেপে কাজ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার তেমন সরব উপস্থিতি নেই।
কিন্তু ট্রাম্পের বেপরোয়া আচরণের কারণে তার সঙ্গে বিশ্বের অনেক নেতাই বৈঠক করতে কিংবা কথা বলতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।
ফলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষেত্রেও ট্রাম্পের এমন অভাবনীয় কোনও আচরণ শি কে বিব্রতকর অবস্থায় ফেলবে কিনা তা বলা যাচ্ছে না। প্রেসিডেন্ট শি এমন কোনও পরিস্থিতিতে না পড়ুন, আপাতত সেটিই মনে মনে কামনা করছে চীন।
বাণিজ্য:
২০১৬ সালের নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বাণিজ্য নিয়ে চীনকে অনেক কড়া কথা শুনিয়েছিলেন। চীনারা আমেরিকানদের সব চাকরি চুরি করে নিয়ে যাচ্ছে। এটি বন্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেছিলেন তিনি। গত সপ্তাহেও তিনি এক টুইটে বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে ব্যাপক বাণিজ্য ঘাটতি এবং চাকরি খোয়ানোর বিষয়টি মেনে নিতে পারবে না। ফলে তার সঙ্গে শি’র বৈঠকটি কঠিনই হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
এর প্রেক্ষাপটে হোয়াইট হাউসও বৈঠকটি নিয়ে বেশি আশা প্রকাশ করছে না। তারা বলছে এ বৈঠক কেবল ভবিষ্যতে আরও আলোচনার ভিত স্থাপন করতে পারে।
অনেকে আবার দুই নেতার এ বৈঠক থেকে অনেক ঝুঁকির আশঙ্কায় আছেন। সবচেয়ে খারাপ যে বিষয়টি হতে পারে তা হচ্ছে একটি গোপন বা প্রকাশ্য বাণিজ্যযুদ্ধের সূচনা। চীনের ওপর বাণিজ্য শুল্ক বাড়ানোর যে হুমকি ট্রাম্প দিয়েছিলেন তা যদি সত্যিই ঘটে তাহলে বিশ্ব অর্থনীতি সঙ্কুচিত হবে। ফলে অনেক দেরে জন্যই তা বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে।
উত্তর কোরিয়া:
ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর মত অভাবনীয় আচরণ করা থেকে উত্তর কোরিয়াকে থামানোটা এখন সবচেয়ে জরুরি ভিত্তিতে মোকাবেলা করার চাপের মুখে আছেন ট্রাম্প এবং শি দুইজনই।
উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের কাজ করে যাচ্ছে। দেশটিকে এ কর্মসূচি থেকে বিরত করতে পিয়ংইয়ংয়ের ওপর চাপ প্রয়োগের জন্য চীনকে বাধ্য করতে ট্রাম্প বেইজিংকে বাণিজ্য কে কাজে লাগানোর হুমকি দিয়েছেন।
বেইজিং বলে আসছে উত্তর কোরিয়ার ওপর তাদের প্রভাব সীমিত। তারা তাদের সাধ্যের মধ্যে যা কিছু করা সম্ভব করছে। কিন্তু উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় ফিরে যাওয়ার একটি পথ খোঁজা এখন যুক্তরাষ্ট্রের ব্যাপার।
হোয়াইট হাউসের ঊধ্বতন এক কর্মকর্তা উত্তর কোরিয়াকে ট্রাম্প এবং শি উভয়ের জন্যই নেতৃত্বের পরীক্ষা বলে বর্ণনা করেছেন। সময় দ্রুত চলে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের হাতে উত্তর কোরিয়াকে মোকাবেলার সব বিকল্প পথই আছে বলে জানিয়েছেন তিনি।
বিশেষজ্ঞদের অনেকে বলছেন, ট্রাম্প যদি উত্তর কোরিয়া প্রশ্নে চীনকে কোনও আলটিমেটাম দিয়ে বসেন তাহলে হিতে বিপরীত হতে পারে। তাছাড়া, উত্তর কোরিয়াকে বাগে আনার জন্য চীন চাপে থাকলে বৈঠকটি কেমন যাবে তাও ধারণা করা মুশকিল।
যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগ বাড়িয়ে সামরিক হামলা চালানোর বিকল্পটি হাতে রাখলেও এখন পর্যন্ত দেশটিকে অথনৈতিকভাবে এবং নিষেধাজ্ঞা দিয়ে চাপে রাখার ওপরই জোর দিচ্ছে।
কিন্তু বিশ্লেষকরা মনে করেন, ওই এলাকায় কোনও ধরনের সামরিক ব্যবস্থা কখনও যুক্তরাষ্ট্র নিলে উত্তর কোরিয়া এর যে জবাব দেবে তাতে দক্ষিণ কোরিয়া এবং জাপানসহ ওই অঞ্চলে উপস্থিত মার্কিন সেনাবহরে ব্যাপক হতাহতের ঘটনা ঘটবে।
