২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসের সঙ্গে জড়িত সন্দেহে সেন্ট পিটাসবুর্গে গ্রেপ্তার ৬

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) জন্য সদস্য সংগ্রহ এবং সন্ত্রাসী তৎপরতায় মদদ দিচ্ছে সন্দেহে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ শহর থেকে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 02:49 PM

Updated : 11 Apr 2022, 11:21 PM

এই সন্দেহভাজনরা সবাই মধ্য এশিয়ার দেশগুলো থেকে সেন্ট পিটার্সবুর্গে এসেছিলেন এবং নভেম্বর থেকে তৎপরতা চালাচ্ছেন বলে জানিয়েছেন রাশিয়ার তদন্ত কর্মকর্তারা, খবর বিবিসির।

সোমবার শহরটির পাতাল রেলে এক বোমা হামলায় ১৪ জন নিহত ও প্রায় ৫০ জন আহত হন। এ হামলার সন্দেহভাজন হিসেবে কিরগিজ বংশোদ্ভূত রাশিয়ার নাগরিক আকবরজান জলিলভকে শনাক্ত করা হয়েছে।

তবে গ্রেপ্তারদের সঙ্গে জলিলভের যোগাযোগ আছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এক বিবৃতিতে রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত কমিটি জানিয়েছে, আটককৃতরা সেন্ট পিটার্সবুর্গে আসা অন্যান্য মধ্যএশীয়দের ‘সন্ত্রাসবাদী অপরাধ’ ও ‘অবৈধ সশস্ত্র গোষ্ঠীতে’ যোগান দেওয়ার কাজ করতো, ওইসব সশস্ত্র গোষ্ঠীর মধ্যে আইএসও আছে।

গ্রেপ্তারকৃতদের বাসস্থানে তল্লাশি চালিয়ে উগ্রবাদী বইপত্র পাওয়া গেছে বলে বিবৃতিতে বলা হয়েছে। তবে বিবৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

পাতাল রেলে হামলার সন্দেহভাজন জলিলভকে ধরতে তদন্ত ও তল্লাশি অব্যাহত আছে। হামলার পেছনে তার উদ্দেশ্য ও সে কোনো উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে জড়িত আছে কিনা এগুলো তদন্ত করে দেখা হচ্ছে।

এ পর্যন্ত কোনো গোষ্ঠী সেন্ট পিটার্সবুর্গের হামলার দায় স্বীকার করেনি।

আইএসসহ সিরিয়ার জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে রাশিয়ার বিমান অভিযানের প্রতিশোধ নিতে সেন্ট পিটার্সবুর্গে হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত মধ্য এশিয়ার দেশগুলো ও রাশিয়ার উত্তর ককেশাস থেকে অনেক জঙ্গিকে নিজেদের দলে ভিড়িয়েছে আইএস।