জরুরি অবস্থা ঘোষণা কলম্বিয়ার
বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত মোকোয়া শহরের নিহতদের মধ্যে প্রথম একজনকে কবর দেওয়ার পাশাপাশি কলম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস ‘অর্থনৈতিক, সামাজিক ও বাস্তুসংস্থানজনিত জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন বলে জানিয়েছে বিবিসি।
দুর্গতদের মানবিক সঙ্কট নিরসনে সরকার এক কোটি ৩৯ লাখ ডলার (৪০ হাজার মিলিয়ন পেসো) বরাদ্দ করেছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার তৃতীয়বারের মতো দুর্গত এলাকা পরিদর্শন করেন প্রেসিডেন্ট সান্তোস, এ সময় প্রাকৃতিক এ বিপর্যয়ের জন্য আবহাওয়ার পরিবর্তনকে দায়ী করেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সান্তোস বলেছেন, মোকোয়ায় সাধারণত এক মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হয় ওইদিন এক রাতেই (শুক্রবার দিবাগত রাতে) তার তিন ভাগের এক ভাগ বৃষ্টিপাত হয়েছে, এতে হঠাৎ বন্যা নদীর কূল ছাপিয়ে গেছে।
তবে অন্যান্যরা মোকোয়ার আশপাশের পর্বতগুলোর বন ধ্বংসকে এর জন্য দায়ী করেছেন। গাছ না থাকায় পর্বতের ঢাল বেয়ে নামার সময় পানি প্রচুর কাদা ও পাথর সঙ্গে করে অবাধে নেমে এসেছে বলে জানিয়েছেন তারা।
শনিবার ভোররাতের এ ঘটনায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওই শহরটির অন্তত ২৭৩ জন বাসিন্দা নিহত হন, এদের মধ্যে অন্তত ৪৪ জন শিশু। সোমবার থেকে নিহতদের কবর দেওয়া শুরু হয়েছে।
ঘরবাড়ি হারানো ৫০০শরও বেশি বাসিন্দা জরুরি আবাসন কেন্দ্রগুলোতে অবস্থান করছে। এখানে অবস্থানরত ১০টি শিশুকে তাদের হারানো পরিবারকে খুঁজে পেতে সহায়তা করছে সামাজিক সেবা সংস্থাগুলো।
ধ্বংসস্তূপের ভিতরে জীবিত কাউকে পাওয়ার আশায় এবং নতুন লাশের খোঁজে তল্লাশি অভিযানও অব্যাহত রাখা হয়েছে। যদিও ঘটনার তিনদিন পর নতুন করে জীবিত কাউকে পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে। লাশে পচন ধরায় নতুন লাশ পাওয়ার আশাও বিলীন হয়ে যাচ্ছে।
শহরটির বেঁচে যাওয়া বাসিন্দারা এখন মানবিক ত্রাণ সহায়তা পৌঁছোনোর অপেক্ষায় আছেন।
এল এসপেক্টতাদোর সংবাদপত্র জানিয়েছে, অন্তত ৪০ টন জরুরি ত্রাণ সহায়তা শহরটিতে পৌঁছানোর পথে রয়েছে, এসব ত্রাণের মধ্যে দুই হাজার খাবারের প্যাকেট ও এক হাজারটি তাঁবু রয়েছে।
এল পায়িস সংবাদপত্র জানিয়েছে, মোকোয়ার উদ্দেশ্যে সাত হাজার কম্বল ও ছয় হাজার মাদুর পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট সান্তোস।
রোববার মোকোয়ার পুনর্গঠনে সহায়তা করার প্রস্তাব দিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী ফার্ক, তবে পুনর্গঠনে তাদের অংশগ্রহণে সরকারি অনুমতি প্রয়োজন হবে।
