ইসরায়েল-ফিলিস্তিন নিয়ে ট্রাম্পকে জাতিসংঘের হুঁশিয়ারি
ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কটের দ্বিরাষ্ট্রিক সমাধান থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরে যাওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে জাতিসংঘ বলেছে, “এর কোনও বিকল্প নেই।”
মধ্যপ্রাচ্য সংকট সমাধানে ইসরায়েল ও ফিলিস্তিন দুটি আলাদা রাষ্ট্রভিত্তিক কয়েক দশকের ফরমূলা থেকে ট্রাম্প বুধবার সরে যাওয়ার আভাস দেওয়ার পর জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এ হুঁশিয়ারি দিলেন।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রিক সমাধানের জন্য যা কিছু করা সম্ভব তা করার আহ্বানও জানান। সঙ্কট সমাধানে এছাড়া আর কোনও বিকল্প পথ নেই বলে উল্লেখ করেন তিনি।
এর আগে বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দিলেও বলেন, “দুই পক্ষকেই অবশ্যই সমঝোতায় আসতে হবে”।
তিনি বলেন, “সুতরাং আমি দুটি রাষ্ট্র এবং সেই সঙ্গে একটি রাষ্ট্র নিয়ে ভাবছি। আমি সেটিকেই সমর্থন দেব যা দুই পক্ষই চায়।”
