২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গর্জে ওঠা ক্ষেপণাস্ত্র’ দিয়ে হুমকির জবাব দেবে ইরান

নিরাপত্তা হুমকির মুখে পড়লে ইরান ‘গর্জে ওঠা ক্ষেপণাস্ত্র’ ছুড়ে এর জবাব দেবে বলে জানিয়েছেন দেশটির রেভল্যুশনারি গার্ডের একজন কমান্ডার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Feb 2017, 07:37 PM

Updated : 11 Apr 2022, 10:56 PM

রেভল্যুশনারি গার্ডের মহাকাশ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ দেশটির তাসনিম বার্তা সংস্থাকে বলেন, “ইরানের নিরাপত্তা রক্ষায় আমরা দিন রাত কাজ করছি।”

“যদি আমরা আমাদের শত্রুদের তরফ থেকে সামান্যতম ভুল পদক্ষেপের ইঙ্গিত পাই,  আমাদের ক্ষেপণাস্ত্র গর্জন করতে করতে তাদের মাথার উপর গিয়ে পড়বে।”

গত সপ্তাহে নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ইরান। যার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের ১৩ নাগরিক ও এক ডজন প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেয়। নিষিদ্ধ ঘোষিত ব্যক্তিরা রেভলুশনারি গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শনিবার সামরিক মহড়া করে ওই নিষেধাজ্ঞার জবাব দেয় ইরান।

ট্রাম্পের হুমকির বিষয়ে ইরানের পদাতিক বাহিনীর প্রধান আহমেদ রেজা পোরদাস্তান বলেন, ১৯৭৯ সালের অভ্যূত্থানের পর থেকেই ইরান এ ধরনের হুমকি শুনে আসছে।

“ইরানের স্বশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা এবং তাদের আক্রমণের ক্ষমতা আমেরিকা বা তাদের অন্য শত্রুদের যে কোনো ধরনের বহিঃআক্রমণের পর অনুতপ্ত করাবে।”

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়, শনিবারের মহড়ায় দেশে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রাডার, কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং সাইবার যুদ্ধ ব্যবস্থা নিয়ে পরীক্ষা চালানো হবে।

যুক্তরাষ্ট্র-ইরানের বৈরিতা দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সঙ্গে তেহরানের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়ে আসলেও ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ওয়াশিংটন-তেহরান উত্তেজনা বাড়ছে।

ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন বলেন, ইরানের ‘উস্কানিমূলক কার্যক্রম’ বিষয়ে ওয়াশিংটন থেকে তাদের সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটে লেখেন, “ইরান আগুন নিয়ে খেলছে- প্রেসিডেন্ট ওবামা তাদের প্রতি কতটা দয়ালু ছিলেন তা তারা উপলব্ধি করতে পারেনি। আমি তেমন নই!”

তবে উত্তপ্ত বাক্য বিনিময় হলেও শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম মাটিস বলেন, “ঔদ্ধত্যপরায়ণ ইরানকে শায়েস্তা করতে আপাতত তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করছেন না।”

তবে বিশ্ব ইরানের কর্মকাণ্ড গভীরভাবে নজরে রাখছে বলেও সতর্ক করেন তিনি।

মধ্যপ্রাচ্যের মধ্যে অন্যতম বড় ক্ষেপণাস্ত্র কর্মসূচির অধিকারি ইরান। ডিসেম্বরেও দেশটি রাডার, ক্ষেপণাস্ত্র বিরোধী প্রতিরক্ষা ইউনিট এবং স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে প্রতিরক্ষা মহড়ার আয়োজন করেছিল।