লুভ মিউজিয়ামের বাইরে ছুরি হাতে এক ব্যক্তিকে গুলি
প্যারিসের লুভ মিউজিয়ামের বাইরে ‘ছুরি নিয়ে হামলার পর’ এক ব্যক্তি নিরাপত্তার দায়িত্বে থাকা সৈন্যদের গুলিতে আহত হয়েছেন।
ফরাসি পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি মিউজিয়ামের বাইরে আন্ডারগ্রাউন্ড শপিং এরিয়ায় ঢোকার চেষ্টা করছিলেন। আল্লাহু আকবর বলে চিৎকারও দিয়েছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির হামলায় নিরাপত্তার দায়িত্বে থাকা একজন সৈন্য আহত হওয়ার পর অন্যরা তাকে পাঁচটি গুলি করেন।
তার কাছে একটি ব্যগ থাকলেও তাতে বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানানো হয়েছে বিবিসির প্রতিবেদনে।
প্যারিস পুলিশের প্রধান মিশেল কাদোকে উদ্ধৃত করে রয়টার্স লিখেছে, ওই ব্যক্তি লুভ মিউজিয়ামে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টায় ছিলেন বলে পুলিশ বিভাগ মনে করছে।
আর ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী একে একটি ‘গুরুতর ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন।
মিশেল কাদো জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যার আচরণ সন্দেহজনক বলে পুলিশ মনে করছে।
