২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর দুই কান কাটল স্বামী

আফগানিস্তানে উত্তরে বালখ প্রদেশে এক নারীর দুই কানই কেটে দিয়েছে তার স্বামী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2017, 10:13 PM

Updated : 11 Apr 2022, 10:55 PM

বিবিসি জানায়, ২৩ বছর বয়সী জরিনা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, “আমি কোনো অন্যায় করিনি। আমি জানিনা কেনো আমার স্বামী আমার সঙ্গে এটা করল।”

স্থানীয় গণমাধ্যমকে পুলিশ জানায়, জরিনার স্বামী এ কাণ্ডের পর কাশিন্দা জেলায় পালিয়ে গেছে।

মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হয় জরিনার। স্বামীর সঙ্গে তার বনিবনা ছিল না বলেও বিবিসি’কে জানান তিনি।

টিওএলও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জরিনা বলেন, তার স্বামী তাকে তার বাবা-মা’র সঙ্গে দেখা করতে বাধা দেওয়ার চেষ্টা করে। তখন তিনি তার স্বামীকে বলেছিলেন, তিনি তাকে তালাক দিতে চান।

“সে খুবই সন্দেহপ্রবণ ছিল। সে প্রায়ই আমার বিরুদ্ধে অভিযোগ করে বলত, আমি মায়ের বাড়ি গিয়ে অচেনা পুরুষদের সঙ্গে কথা বলি।”

জরিনা তার স্বামীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেছেন।

আফগানিস্তানে গৃহনির্যাতনের হার অত্যান্ত ভয়াবহ। নারীদের গৃহনির্যাতন থেকে রক্ষা করতে আফগান সরকার বিভিন্ন সময়ে বেশ কয়েকটি আইন প্রণয়নের চেষ্টা করেছে।

কিন্তু প্রেসিডেন্ট হামিদ কারজাই ক্ষমতায় থাকার সময় অক্ষমতা বা অনিচ্ছার কারণে গৃহনির্যাতন দমন সংক্রান্ত বিলে সই করেননি। এমনকি দেশটির পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হওয়া বিলেও সই করেননি তিনি।

বিবিসি’র খবরে বলা হয়, বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানিও এখন পর্যন্ত এ বিষয়ে সদিচ্ছা প্রকাশ করেননি।