২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প শতভাগ নেটোর পাশে আছেন: টেরিজা মে

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শতভাগই নেটোর পাশে আছেন।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 01:06 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে নেটো জোটকে সেকেলে বলে মন্তব্য করেছিলেন এবং এর অন্যান্য সদস্য দেশগুলোর অবদান নিয়ে প্রশ্ন তুলে জোটটিতে যুক্তরাষ্ট্রের তহবিল কমানোর কথা বলেছিলেন।

কিন্তু শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে টেরিজা মে’ বলেন, তারা দুইজনই নেটোর প্রতি নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এবং ট্রাম্প ১০০ ভাগই নেটোর পেছনে থাকার নিশ্চয়তা দিয়েছেন বলেই তিনি মনে করেন।

ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর মে’ই প্রথম বিশ্ব নেতা যিনি তার সঙ্গে বৈঠক করলেন। বৈঠকের পর যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাজ্যের বিশেষ সম্পর্কের প্রশংসা করেন ট্রাম্প। দু’দেশের গভীর সম্পর্ক অব্যাহত থাকবে বলেও ঘোষণা করেন তিনি।

মে জানান, বিভিন্ন বিষয়ের মধ্যে ইসলামিক স্টেটকে (আইএস) নির্মূল করার ব্যাপারে দু’জন একমত হয়েছেন। আর নেটোকে সমর্থন দিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

মে বলেন, “আজকের দিনের সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষুন্ন রাখার জন্য নেটোকে স্বীকৃতি দিতে আমরা একমত এবং এ জোটের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।”

এ বছরের শেষে যুক্তরাজ্য সফরের জন্য রানির দেওয়া আমন্ত্রণও ট্রাম্প গ্রহণ করেছেন বলে জানান মে।