২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়া ‘বিরোধীদল,’ তাদের মুখ বন্ধ রাখা উচিত: ট্রাম্পের সহযোগী

যুক্তরাষ্ট্রের মূলধারার গণমাধ্যমকে ‘বিরোধী দল’ বলে বর্ণনা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান কৌশলগত উপদেষ্টা স্টেফেন ব্যানন বলেছেন, “তাদের (মিডিয়া) মুখ বন্ধ রাখা উচিত।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2017, 09:47 PM

Updated : 11 Apr 2022, 10:53 PM

নিউইয়র্ক টাইমস কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যানন বলেন, “এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প যে জিতে যাবেন সেটি অনুমান করতে ব্যর্থ হওয়ার কারণে সংবাদ সংগঠনগুলোর বিব্রত হয়েছে।”

পত্রিকাটির সঙ্গে ফোনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গণমাধ্যমকে বিব্রত এবং অপমানিত বোধ করতে হবে। আর নিজদের মুখ বন্ধ রেখে কিছুক্ষণের জন্য শুধু শুনে যেতে হবে।”

ব্যানন আরও বলেন, “এখানে ডেমোক্র্যাটি পার্টি নয়, গণমাধ্যমই বিরোধী দল। তারা দেশকে বুঝতে পারছে না। তারা এখনও বুঝতে পারছে না কেনো ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।”

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, বেশির ভাগ গণমাধ্যমকর্মী ট্রাম্প প্রশাসনকে মিথ্যাবাদী ও ভণ্ড বলে মনে করে।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান দেখতে আসা জনতার ভিড় নিয়ে ‘মিথ্যাচার’ এবং ৮ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের পক্ষে কয়েক লাখ অবৈধ ভোট পড়ার অভিযোগের ভিত্তিতে সংবাদকর্মীরা ট্রাম্পের অধীনে হোয়াইট হাউজের উপর আস্থা হারাচ্ছে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকেও নতুন প্রেসিডেন্টের প্রতি গণমাধ্যমের অন্যায্য ব্যবহার করার অভিযোগ তোলা হয়েছে।

এ বিষয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার নির্দেশে নাকি ওভাল অফিস থেকে মার্টিন লুথার কিংয়ের আবক্ষ মূর্তি সরিয়ে ফেলা হয়েছে- তারা (গণমাধ্যম) এ খবর প্রকাশ করেছে। এটিখুবই গুরুতর অভিযোগ। তারা খবরে আবক্ষ মূর্তিটি সরিয়ে ফেলা নয় বরং তারা বলেছে, আমি একজন চরমপন্থি…. এরপর যখন প্রকাশ পেল তারা আসলে ভুল খবর দিয়েছে, তখন এমনকি কেউ এটা নিয়ে একটিকথা পর্যন্ত বলল না।”

বৃহস্পতিবার ট্রাম্পের ওই সাক্ষাৎকারটি প্রচার করা হয়।

নির্বাচনী প্রচারের সময় গণমাধ্যমে তাকে নিয়ে হওয়া খবরগুলোর কথাও বলেন ট্রাম্প। তার অভিযোগ, সেগুলোর বেশিরভাগই ছিল নেতিবাচক।

গণমাধ্যম তার জয়ের পূর্বাভাস দিতেও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। 

ব্যানন বলেন, নির্বাচন নিয়ে অভিজাত গণমাধ্যমগুলো ‘চরম ভুল খবর দিয়েছে, শতভাগ ভুল খবর’।

তিনি বলেন, “এটি এতটাই অপমানজনক পরাজয় যা থেকে তারা কখনও বের হয়ে আসতে পারবে না, তারা সবসময় সেখানেই পড়ে থাকবে।”

“মূলধারার গণমাধ্যমগুলো নির্বাচনী প্রচার নিয়ে কাজ করা তাদের কোনও সংবাদকর্মীকে চাকুরিচ্যুত করেনি। ওই সাংবাদিকদের টুইটার পাতাগুলো দেখুন: তারা প্রকাশ্যে হিলারি ক্লিনটনের পক্ষে প্রচার চালিয়েছে। এ কারণেই আপনাদের হাতে কোনো ক্ষমতা নেই। আপনারা অপমানিত হয়েছেন।”