২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেয়ালের খরচ জোগাতে মেক্সিকান পণ্যে করারোপ পরিকল্পনা ট্রাম্পের, মেক্সিকোর নিন্দা

সীমান্ত দেয়াল নির্মাণের খরচ জোগাতে মেক্সিকো থেকে আমদানী করা পণ্যের ওপর ২০ শতাংশ করারোপের পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের মুখপাত্র একথা বলেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Jan 2017, 11:33 AM

Updated : 11 Apr 2022, 10:53 PM

মেক্সিকো সঙ্গে সঙ্গেই এ পরিকল্পনার নিন্দা জানিয়ে বলেছে, এ পদক্ষেপে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের জন্য মেক্সিকান পণ্য আরও বেশি ব্যয়বহুল হয়ে পড়বে এবং এতে করে শেষ পর্যন্ত দেয়াল তৈরির খরচের বোঝা মূলত তাদের ঘাড়েই চাপবে।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের খরচ দেওয়া নিয়ে নতুন উত্তেজনার মুখে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো বৃহস্পতিবার ওয়াশিংটন সফর বাতিলের ঘোষণা দেওয়ার পর ট্রাম্প তার ওই পরিকল্পনার কথা জানান।

এতে করে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সঙ্কট আরও ঘনীভূত হওয়ারই আভাস পাওয়া যাচ্ছে।

হোয়াইট হাউজের প্রেস সচিব সিয়ান স্পাইসার সাংবাদিকদের জানিয়েছেন, “দেয়ালের খরচ জোগাতে করারোপের প্রস্তাবটি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আইনপ্রণেতাদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেস আগামী দিনগুলোতে কর সংস্কারের যে পরিকল্পনা করেছে তার অংশ হিসাবেই এ পদক্ষেপ নেওয়া হতে পারে।”

তিনি আরও বলেন, “মেক্সিকোর পণ্য আমদানির ওপর ২০ শতাংশ করারোপ করা হলে বছরে প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ করা যাবে। এতে করে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের খরচ উঠে আসবে।”

তবে ট্রাম্পের করারোপের এ প্রস্তাব মাত্র একটি বিকল্প পন্থা এবং এটি এখনও প্রারম্ভিক পর্যায়ে আছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের চীফ অব স্টাফ রেন্স প্রেইবাস বলেন, “অনেকগুলো বিকল্প পথের মধ্যে করারোপের বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে।”

মেক্সিকো যুক্তরাষ্ট্রে বছরে ৩০ হাজার কোটি ডলারের পণ্য রপ্তানী করে। তাদের পণ্যের ওপর করারোপ হলে এর প্রভাব পড়বে গোটা দেশেই। আর সাধারণ মেক্সিকানরাও পণ্যের ওপর শুল্ক মেনে নেবে না।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভাইডিগ্যারে করারোপ পরিকল্পনার সমালোচনা করে বলেছেন, “যুক্তরাষ্ট্র মেক্সিকান আমদানী পণ্যের ওপর করারোপ করে মেক্সিকোকে দেয়ালের খরচ দেওয়াতে পারবে না। বরং এতে করে উত্তর আমেরিকার ভোক্তারাই বেশি খরচের মধ্যে পড়ে যাবে।”

ট্রাম্পের দেয়ালের জন্য খরচ দেওয়ার বিষয়টি নিয়ে ‘মেক্সিকো আলোচনা করবে না’ বলেও জানান তিনি।

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প বুধবার যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের নির্বাহী আদেশে সই করেন।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময়ই থেকেই প্রায় দুই হাজার কিলোমিটার দীর্ঘ যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের খরচ মেক্সিকো থেকে নেওয়ার কথা বলে আসছেন ট্রাম্প।

 বুধবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প বলেছেন, মেক্সিকোকে ‘অবশ্যই’দেয়াল নির্মাণের ‘শতভাগ খরচ’বহন করতে হবে।

এর জবাবে মেক্সিকোর প্রেসিডেন্ট পেনিয়া নিয়েতো স্পষ্ট জানিয়ে দেন, ট্রাম্পের দেয়ালের জন্য মেক্সিকো কোনও খরচ দিবে না।

এরপরই ট্রাম্প বলেন, খরচ না দিতে চাইলে মেক্সিকোর উচিত হবে যুক্তরাষ্ট্র সফর বাতিল করা। আর ট্রাম্পের এ বক্তব্যের পরই তার সঙ্গে আগামী সপ্তাহের নির্ধারিত বৈঠক বাতিল করেন মেক্সিকোর প্রেসিডেন্ট।