২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ার হোটেলে গাড়িবোমা হামলায় নিহত ১৫

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি আবাসিক হোটেলের গেইটে আল শাবাব জঙ্গিদের চালানো গাড়িবোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 03:04 PM

Updated : 11 Apr 2022, 10:52 PM

বুধবারের এ ঘটনায় গাড়িবোমা বিস্ফোরণ ঘটানোর পর হোটেলটির ভিতরেও হামলা চালিয়েছে জঙ্গিরা, জানিয়েছে পুলিশ।

নিরাপত্তামন্ত্রী আব্দিরিজাক উমর ঘটনাস্থলে সাংবাদিকদের বলেছেন, “হোটেলে দু’টো বিস্ফোরণে প্রাথমিকভাবে নিরাপত্তা বাহিনীর চারজন ও ১১ জন বেসামরিক নাগরিক মিলে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫১ জন।”

হোটেলটির নাম ডেয়াহ এবং এটি মোগাদিশুর কেন্দ্রস্থলে পার্লামেন্ট ভবনের কাছে বলে জানিয়েছে আল জাজিরা।

আল শাবাব হামলার দায় স্বীকার করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জঙ্গিগোষ্ঠীটির সঙ্গে সম্পর্কিত রেডিও আন্দালুস।

আন্দালুসের প্রতিবেদনে বলা হয়, “ব্যাপক অস্ত্রে সজ্জিত মুজাহিদিনরা হোটেলটিতে হামলা চালিয়েছে এবং এখন হোটেলটির ভিতরে লড়াই করছে তারা।”

ক্যাপ্টেন মোহাম্মদ হুসেন জানিয়েছেন, সকালে হামলাটি চালানোর সময় হোটেলটিতে সোমালিয়ার পার্লামেন্ট সদস্যসহ বহু মানুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে।