২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের অভিষেক চলাকালে ওয়াশিংটনে সহিংসতা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান চলার সময় হোয়াইট হাউস থেকে কয়েক ব্লক দূরে ট্রাম্প বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2017, 01:53 PM

Updated : 11 Oct 2022, 01:22 PM

পুরনো খবর:

ওয়াশিংটনে বিক্ষোভ-ভাংচুর, গ্রেপ্তার ৯০

শুক্রবার বিক্ষোভকারীদের মধ‌্যে আপাদমস্তক কালো পোশাক পড়া বিক্ষোভকারীরাই প্রধানত সহিংসতায় জড়ায়।

যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান চলাকালে এ ধরনের সহিংসতা একটি বিরল ঘটনা।

দাঙ্গায় জড়িত অন্তত ২১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট হিলারি ক্লিনটনকে হারিয়ে রিপাবলিকান ট্রাম্পের বিস্ময়কর বিজয়ের পর যুক্তরাষ্ট্রের জনতা কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে, মূলত তারপর থেকেই ট্রাম্প বিরোধী বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ ট্রাম্পের অভিষেককে কেন্দ্র করে দাঙ্গায় রূপ নেয়।

অভিষেক উপলক্ষে রাজধানী ওয়াশিংটনে ট্রাম্পের হাজার হাজার সমর্থকের পাশাপাশি হাজার হাজার বিরোধীও উপস্থিত হয়।

বিরোধীদের মধ‌্যে কালো পোশাক ও কালো কাপড়ে মুখ ঢাকা বিক্ষোভকারীরা জড়ো হয়ে দাঙ্গা পুলিশের দিকে পাথর ও বোতল ছুড়ে মারে। কাঁদুনে গ‌্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ পাল্টা জবাব দেয়। এ সময় খুব নিচু দিয়ে একটি হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা যায়।

এরই এক পর্যায়ে প্রতিবাদকারীরা একটি পুলিশ ভ‌্যানের জানালা দিয়ে কিছু একটা ছুড়ে মারে। পুলিশের গাড়িটি দ্রুতবেগে ঘুরে যেদিক থেকে এসেছিল সেদিকে চলে গেলে দাঙ্গাকারীরা উল্লাস প্রকাশ করে।

এর আগে তারা ফুটপাতের পাথর তুলে এবং বেসবল ব‌্যাট দিয়ে মার্কিন পুঁজিবাদের প্রতীক ব‌্যাঙ্ক অব আমেরিকার একটি শাখার ও ম‌্যাকডোনাল্ডসের একটি বিক্রয় কেন্দ্রের জানালা ভাংচুর করে। 

এ সময় একটি কালো লিমুজিনসহ বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেয়। ডাস্টবিনের ঝুড়ি রাস্তার মাঝখানে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। পরে ‘মেক আমেরিকা গ্রেট অ‌্যাগেইন’ শ্লোগান লেখা একটি লাল ক‌্যাপ আগুনে নিক্ষেপ করে।

পুলিশ জানিয়েছে, বিক্ষেোভকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে ছয় পুলিশ আহত হয়েছেন।

এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশের অস্থায়ী প্রধান পিটার নিউশাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে হাজির করা হবে।

যুক্তরাষ্ট্রের ক‌্যাপিটলে শপথ গ্রহণ শেষে পেনসিল‌ভ‌্যানিয়া অ‌্যাভিনিউ ধরে অভিষিক্ত প্রেসিডেন্ট ট্রাম্প যখন শোভাযাত্রা করে হোয়াইট হাউসের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখনও মাত্র কয়েক ব্লক দূরে বিক্ষোভকারীরা প্রতিবাদ জানাচ্ছিল।

প্রতিবাদকারীদের বিভিন্ন দল শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ট্রাম্প বিরোধী শ্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। তাদের হাতে থাকা ফেস্টুনে ‘ট্রাম্প প্রেসিডেন্ট না’, ‘বর্ণবাদীদের আবার ভীত করে তুলুন’ ইত‌্যাদি শ্লোগান শোভা পাচ্ছিল।

ওয়াশিংটনের ডেমোক্রেট দলীয় মেয়র ‍মুরিয়েল বউজারসহ ডেমোক্রেট দলীয় নেতারা এসব সহিংসতার নিন্দা করেছেন।

ট্রাম্পের অভিষেক উপলক্ষে ওয়াশিংটনের প্রায় সাত দশমিক আট বর্গকিলোমিটার এলাকার নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস, ওয়াশিংটন পুলিশ ও অন‌্যান‌্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ২৮ হাজার কর্মকর্তা নিয়োজিত ছিলেন।