২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাসের ‘প্রেম ফাঁদে’ ইসরায়েলের সেনারা

সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণীদের ছবি এবং হিব্রু স্ল্যাং দিয়ে ইসরায়েলি সেনাদেরকে অনলাইন চ্যাটিংয়ে আকৃষ্ট করে তাদের মোবাইল ফোন, ক্যামেরা এবং মাইক্রেফোন হ্যাক করে তথ্য জানার চেষ্টা করছে ফিলিস্তিনি গেরিলা দল হামাস। আর ইসরায়েলি সেনারাও সহজেই এই ‘প্রেম ফাঁদে’ ধরা দিচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 10:04 PM

Updated : 11 Apr 2022, 10:47 PM

ইসরায়েলের সেনাবাহিনী বুধবার এই প্রতারণা ধরে ফলার কথা জানায় বলে জানিয়েছে বিবিসি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা সাংবাদিকদের বলেন, হামাসের সদস্যরা ইসরায়েলের সেনাদেরকে অনলাইনে খুঁজে বের করে। তারপর ভুয়া পরিচয় দিয়ে বন্ধুত্বের প্রস্তাব দেয়। আর এই ফাঁদে পা দিয়ে বহু সেনা এমন সব অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে উদ্বুদ্ধ হয়েছে যেগুলোতে তাদের ফোন, ক্যামেরা এবং মাইক্রোফোন হামাসের কব্জায় চলে গেছে।

তবে হামাস এভাবে বড় ধরনের কোনও গোপন তথ্য হাতিয়ে নিতে পারেনি বলে জানান ওই কর্মকর্তা।

তিনি বলেন, সেনাদের বেশির ভাগই নিম্ন পদমর্যাদার। আর জালিয়াতিচক্র হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকার চারপাশের ইসরায়েলি সেনাদের মহড়া, শক্তিমত্তা এবং অস্ত্রশস্ত্র সম্পর্কিত তথ্য জানতে চায়।

কর্মকর্তা আরও জানান, সত্যিকারের তরুণীদের ছবিই হামাস সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা সেই তরুণীদের ছবি ও ব্যক্তিগত তথ্য চুরি করে তারা একাজটি করছে।

হামাস যোদ্ধাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করা কিছু ছবি ও ইসরায়েলি সেনাদের কাছে পাঠানো ভুয়া প্রেমের বার্তাও বুধবার সাংবাদিকদের দেখিয়েছেন তিনি।

একটি প্রেমের বার্তায় দেখা যায়, একজন  বলছেন, ‘প্রিয়, এক সেকেন্ড অপেক্ষা কর। আমি তোমাকে একটি ছবি পাঠাচ্ছি।’ ওই তরুণীর ছবি আসার আগেই জবাব দিয়ে এক ইসরায়েলি সেনা বলেছেন, ‘ওকে। হা-হা।’

এরপর ছবি পাঠানোর পরই ওই তরুণীর পক্ষ থেকে ভিডিও চ্যাট করার জন্য মোবাইল ফোনে ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিয়ে জানানো হয়, একাজটি করলেই দুজনে ভিডিও চ্যাট করা যাবে।

আর ইসরায়েলি সেনা সেকথা মেনে ওই অ্যাপ ডাউনলোড করলেই তার ফোনের নিয়ন্ত্রণ পেয়ে যায় হামাসের ওই স্ক্যামার।