২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত মার্কিন ও অস্ট্রেলীয় নাগরিকের ভিডিও প্রকাশ তালেবানের

আফগানিস্তান থেকে অপহৃত মার্কিন ও  অস্ট্রেলীয় দুই নাগরিকের ভিডিও প্রকাশ করেছে তালেবান জঙ্গিগোষ্ঠী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 01:58 PM

Updated : 11 Apr 2022, 10:48 PM

বিবিসি বলছে, মার্কিন নাগরিক কেভিন কিং এবং অস্ট্রেলীয় নাগরিক টিমোথি উইকস কাবুলে আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন।

গেল বছরের অগাস্টে ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাইরে নিজেদের গাড়ি থেকে নিরাপত্তা বাহিনীর পোশাক পরিহিত সশস্ত্র কয়েকজন ব্যক্তি তাদের তুলে নিয়ে যায়। 

পরের মাসেই আফগানিস্তানে নিয়োজিত মার্কিন বাহিনী তাদের উদ্ধারে একটি অভিযান চালায়। কিন্তু সেই অভিযান ব্যর্থ হয় বলে পেন্টাগন জানিয়েছিল।

চলতি বছরের ১ জানুয়ারি ধারণ করা ও অনলাইনে পোস্ট করা ভিডিওতে ওই দুই ব্যক্তি ‘ভালো অবস্থায় রয়েছেন’ বলতে দেখা যায়।

কিন্তু তারা যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তাদের ছাড়াতে বন্দি বিনিময়ের প্রস্তাব দেওয়ার আবেদন জানান।

ভিডিওতে তারা আরো জানান, সমঝোতা না করলে তারা খুন হয়ে যাবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য করতে কিংবা এর নির্ভরযোগ্যতা সম্পর্কে অস্বীকৃতি জানিয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ২০১৬ সালের অগাস্টে আফগানিস্তানে অপহৃত তাদের নাগরিককে নিরাপদে মুক্ত করতে অন্যান্য সরকারের সঙ্গে তারা নিবিড়ভাবে কাজ করছে।

কিন্তু পরবর্তীতে অপহৃত নাগরিকের নিরাপত্তার কারণ দেখিয়ে এ ব্যাপারে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় দেশটি।