পাকিস্তানে আগুনে জীবন গেল ৭ শ্রমিকের
পাকিস্তানে শ্রমিকদের একটি অস্থায়ী আবাসে আগুন লেগে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে লাহোরের রিং রোডের কাছে মেহমুদ বুটি এলাকার এ ঘটনায় আরো ১৪ শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে দ্য ডন।
হতাহত শ্রমিকরা একটি নির্মাণ কোম্পানির হয়ে মেট্রো ট্রেন লাইন নির্মাণের প্রজেক্টে কাজ করছিল।
ঘটনার দিন দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তাদের অস্থায়ী আবাসের তিনতলায় একটি এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, দুপুর ২টা ৩ মিনিটের দিকে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে এসে ২১ শ্রমিককে উদ্ধার করে নিকটবর্তী খাজা সায়িদ হাসপাতালে নিয়ে যান।
এদের মধ্যে সাতজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ওই হাসপাতালের এক চিকিৎসা কর্মকর্তা জানিয়েছেন, আহত শ্রমিকদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এবং অপর নয়জনকে আরেকটি হাসপাতালে পাঠানো হয়েছে।
সরফরাজ নামের এক শ্রমিক জানিয়েছেন, মেট্রো ট্রেন প্রজেক্টে কাজ করার জন্য আড়াইশোরও বেশি শ্রমিককে ভাড়া করে এনেছিল হাবিব কনস্ট্রাকশন কোম্পানি, তারা সবাই ওই অস্থায়ী আবাসটিতে থাকতো।
সেখানে শ্রমিকদের ‘চারপেয়ের’ পাশে কাপড় টাঙিয়ে যার যার ঘুমানোর জায়গা নির্দিষ্ট করা হয়েছিল। রাতের পালায় কাজ করেন এমন ২৫ জন শ্রমিক দুপুরে তিনতলায় ঘুমিয়ে ছিলেন, এমন সময় আগুন লাগে।
সরফরাজ জানিয়েছেন, তিনি নিকটবর্তী চায়ের স্টলে ছিলেন, হঠাৎ বিকট শব্দ শুনতে পান। তাকিয়ে দেখেন, আগুন মূহুর্তের মধ্যে তিনতলা ছেয়ে ফেলেছে।
তিনি দৌঁড়ে যান আর দেখতে পান, শরীরে আগুন নিয়ে দুজন শ্রমিক তিনতলা থেকে লাফিয়ে পড়ছেন।
তিনি জানান, খবর দেওয়ার দেড় ঘন্টা পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে আসে, ওই সময়ের মধ্যেই লাফিয়ে পড়া দুই শ্রমিকের মৃত্যু হয়।
তিনি জানান, ঘটনার সময় অনেক শ্রমিক কাজে ছিলেন এবং তার মতো অনেকে দুপুরে খাবার খেতে বের হয়েছিলেন, না হলে মৃতের সংখ্যা আরো অনেক বেশি হতো।
