রিপাবলিকান প্রচারেও হস্তক্ষেপ করেছিল রাশিয়া, বলছে এফবিআই
যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রচারে হ্যাকিংয়ের পাশাপাশি রিপাবলিকান প্রচারও রাশিয়া হ্যাক করেছিল বলে আভাস দিয়েছেন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা।
তবে রিপাবলিকান পার্টির প্রচার থেকে হাতিয়ে নেওয়া তথ্যগুলো ফাঁস করেনি রাশিয়া। রিপাবলিকানরাও তাদের সংগঠনগুলোর হ্যাকিং এর শিকার হওয়ার কথা ইতোপূর্বে অস্বীকার করেছে।
কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এর পরিচালক জেমস কমি মঙ্গলবার সিনেটে গোয়েন্দা কমিটির শুনানিতে বলেছেন, রাশিয়া রিপাবলিকান পার্টির রাষ্ট্রীয় রাজনৈতিক প্রচারে হস্তক্ষেপ করেছে এবং পুরোনো রিপাবলিকান ন্যাশনাল কমিটির ইমেইল একাউন্ট হ্যাক করেছে। যেটি এখন আর ব্যবহার হয় না।
তবে রাশিয়া ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার কম্পিউটারগুলো কিংবা রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) চালু ইমেইল একাউন্টগুলো হ্যাক করেনি বলে জানান কমি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারাভিযানের সময়টিতে রাশিয়া ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটিতে হস্তক্ষেপ করাসহ রিপাবলিকান দলের কিছু রাষ্ট্রীয় এবং স্থানীয় প্রচার ব্যবস্থায় হস্তক্ষেপ করেছে। রিপাবলিকান ন্যাশনাল কমিটির পুরোনো এবং অচল সিস্টেমে ঢুকেও তারা তথ্য নিয়েছে। কিন্তু ট্রাম্পের প্রচার কিংবা চলমান আরএনসি সিস্টেমে রুশ হস্তক্ষেপের কোনও প্রমাণ পাওয়া যায়নি।
কমি আরও বলেন, “রাষ্ট্রীয় পর্যায়ের সংগঠনগুলোতে, রাষ্ট্রীয় পর্যায়ের প্রচারে এবং আরএনসি’ তে রাশিয়ার হ্যাকিং পরিচালনার প্রমাণ আছে। তবে আরএনসি’তে হ্যাকিং হয়েছে পুরোনো ব্যবস্থায়। অর্থাৎ, সেইসব একাউন্টে যেগুলো তারা এখন আর ব্যবহার করছে না। আর এখান থেকে নেওয়া তথ্যগুলো প্রকাশও করা হয়নি।”
তিনি এও বলেছেন যে, রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) তুলনায় ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি (ডিএনসি) সিস্টেমের অনেক বেশি গভীরে ঢুকেছে রুশ হ্যাকাররা। হ্যাকিং করেছে বিস্তৃত পরিসরে। দুই ক্ষেত্রেই হ্যাকিংয়ে একই পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানরা বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের নির্দেশ দিয়েছিলেন প্রথমত: ডেমোক্র্যাট প্রার্থী হিলারিকে দুর্বল করা এবং তারপর ট্রাম্পের অবস্থানকে শক্তিশালী করার জন্য।
আর এখন এফবিআই পরিচালক জেমস কমি হ্যাকিং সম্পর্কে সিনেট কমিটিতে যা বললেন তাতে গোয়েন্দাদের এ অভিমতই আরও জোরাল ভিত্তি পাবে বলে মনে করা হচ্ছে।
ডেমোক্র্যাটরা অভিযোগ করে আসছে এই বলে যে, রাশিয়া উইকিলিক্সের মাধ্যমে ডেমোক্র্যাটিক পার্টির বিব্রতকর সব নথি ফাঁস করে দেওয়ার কারণেই হিলারি ক্লিনটনের প্রচার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ রিপাবলিকানদের কোনও গোপন তথ্য ফাঁস হয়নি।
কিন্তু রিপাবলিকানরা পাল্টা যুক্তি দিয়ে বলে আসছে, ডেমোক্র্যাটদের কম্পিউটার নিরাপত্তা ব্যবস্থাই দুর্বল ছিল। ট্রাম্পের জয় বৈধ এবং প্রশ্নfতীত।
