২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ান প্রণালী পাড়ি দিল চীনা বিমানবাহী রণতরী

চীন-তাইওয়ান উত্তেজনার মধ্যেই তাইওয়ান প্রণালী পাড়ি দিয়েছে চীনের একমাত্র বিমানবাহী রণতরী লিয়াওনিং।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2017, 06:35 PM

Updated : 11 Apr 2022, 10:47 PM

বিবিসি জানায়, দক্ষিণ চীন সাগরে মহড়া থেকে ফেরার পথে কয়েকটি যুদ্ধ জাহাজকে সঙ্গে নিয়ে রণতরীটি তাইওয়ান প্রণালী পাড়ি দেয়।

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, চীনের রণতরী তাইওয়ানের সমুদ্রসীমায় প্রবেশ করেনি। তবে এটি দক্ষিণপশ্চিমে তাইওয়ানের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ জোন অতিক্রম করেছে।

এর প্রতিক্রিয়ায় ১৬০ কিলোমিটার প্রশস্ত প্রণালীতে চীনের যুদ্ধজাহাজগুলোর চলার পথ নজরে রাখা এবং নিয়ন্ত্রণের জন্য তাইওয়ান সঙ্গে সঙ্গেই যুদ্ধ বিমান ও  নৌবাহিনীর জাহাজ পাঠায়।   

দুই প্রতিবেশীর সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই সর্বশেষ এ ঘটনা ঘটল। তবে তাইওয়ান কর্তৃপক্ষ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

চীন স্বশাসিত তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও তাইওয়ানকে মূল ভূখণ্ডের অন্তর্ভুক্ত করতে চায় চীন।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিনের কূটনৈতিক শিষ্টাচার ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি ফোনে কথা বলার পর চীনের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।

তাইওয়ানের মেইনল্যান্ড এফেয়ার্স কাউন্সিলের প্রধান চ্যাং হিয়াও-উয়েহ বলেছেন, কর্তৃপক্ষ চীনের কার্যকলাপ লক্ষ্য করছে এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছে।