আলেপ্পোয় বোমা হামলা ন্যায়সঙ্গত ছিল: আসাদ
সিরিয়ায় বিদ্রোহীদের কাছ থেকে পূর্ব আলেপ্পো পুনর্দখলের অভিযানে বোমা হামলা চালানো ন্যায়সঙ্গত ছিল বলেই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
সিরিয়ার সেনারা গতমাসে পূর্ব আলেপ্পো দখল করে। ফরাসি গণমাধ্যমে আসাদ বলেন, “কখনও কখনও এটি মূল্য দেওয়ার ব্যাপার হলেও শেষপর্যন্ত জনগণ সন্ত্রাসীদের কাছ থেকে মুক্তি পেয়েছে।”
জাতিসংঘ বলছে, আলেপ্পোয় লড়াইয়ের শেষদিনগুলোতে জনবসতিপূর্ণ এলাকাগুলোতে সরকারি বাহিনী ও এর মিত্ররা যে বিমান হামলা চালিয়েছে তা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ার মত।
রাশিয়া ২০১৫ সাল থেকে সিরিয়ার সঙ্গে যোগ দিয়ে সরকারবিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে।
‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এর হিসাবমতে, ৫ বছর আগে সিরিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে আলেপ্পোয় ২১ হাজার ৫ শ’ মানুষ মারা গেছে।
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ ফরাসি গণমাধ্যমে আলেপ্পোয় এ হত্যাযজ্ঞ এবং ধ্বংসের জন্য বেদনা অনুভব করার কথা জানিয়ে বলেন, ‘সব যুদ্ধই খারাপ’। তবে তিনি প্রশ্ন করে এও বলেন, সাধারন মানুষদেরকে বিদ্রোহীদের কবলে নিপীড়ন, নির্যাতন, জীবনের হুমকির মুখে রাখাটা কি ভাল?” তার এ মন্তব্য প্রকাশ করে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।
ফরাসি গণমাধ্যমকে আসাদ এও জানান, তার সরকার কাজাখস্তানে প্রস্তাবিত শান্তি আলোচনার সবকিছু নিয়েই আলোচনা করতে প্রস্তুত। তবে আলোচনায় বিরোধীপক্ষ থেকে কারা প্রতিনিধিত্ব করবে বা কবে এ আলোচনা হবে তা এখনও স্পষ্ট জানা যায়নি।
