২৪ হাজার সাইবার হামলা নস্যাৎ করেছে ফ্রান্স
ফ্রান্স গত বছর দেশের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ২৪ হাজারটি সাইবার হামলা নস্যাৎ করেছে।
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জ্যঁ-ইভ লেদরিঁও সতর্ক করে দিয়ে বলেছেন, হ্যাকাররা প্রতিরক্ষা ব্যবস্থাকে টার্গেট করছে এবং এ ধরনের হামলা প্রতিবছরই দ্বিগুণ হচ্ছে। এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনও সাইবার হামলার কবলে পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে ধরনের সাইবার হামলা হয়েছে সেরকম হামলা ঠেকাতে ফ্রান্স সক্ষম হয়ে উঠেছে তা ধরে নেওয়া ঠিক হবে না বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে হ্যাকিং এর জন্য রাশিয়াকে দায়ী করা হচ্ছে। তবে রাশিয়া েএ অভিযোগ অস্বীকার করে আসছে।
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তিনি দেশের সাইবার নিরাপত্তা অভিযান নতুন করে ঢেলে সাজানোর বিষয়টি তদারক করছেন।
গত তিন বছরে ফ্রান্সে সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং দেশের অবকাঠামোর জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী লেদরিঁও।
তারপরও নিরাশ হওয়ার কিছু নেই জানিয়ে তিনি বলেন, হাজার হাজার সাইবার হামলা ঠেকানো গেছে। ফ্রান্সের ড্রোন ব্যবস্থা বিঘ্নিত করার চেষ্টাও রুখে দেওয়া সম্ভব হয়েছে।
যুক্তরাষ্ট্রে রাশিয়ার সাইবার হামলার অভিযোগ মাথায় নিয়ে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক জয়ের পর ফ্রান্সে আগামী এপ্রিল-মে মাসে শুরু হতে চলা নির্বাচনের ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
