২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ হ্যাকিংয়ের হোতাদের ‘সনাক্ত করেছে যুক্তরাষ্ট্র’

যুক্তরাষ্ট্র গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে রাশিয়ার হ্যাকিংয়ের হোতাদের চিহ্নিত করেছে বলে কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2017, 09:03 PM

Updated : 11 Apr 2022, 10:45 PM

ডেমক্র্যাটিক ন্যাশনাল কমিটি ও দলটির নেতাদের কম্পিউটার হ্যাক করে সেখান থেকে তথ্য নিয়ে উইকিলিকসকে সরবরাহের পেছনে থাকা রুশ কর্মকর্তাদের সনাক্ত করা সম্ভব হওয়ার কথা জানানো হয় মার্কিন গোয়েন্দা সংস্থার নতুন  প্রতিবেদনে।

সিআইএসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে তৈরি নতুন প্রতিবেদনের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের  ঊর্ধ্বতন  কর্মকর্তারা বৃহস্পতিবার এ দাবি করে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে তৃতীয় পক্ষের মাধ্যমে এ কাজ হয়েছে।

তবে যেহেতু গোয়েন্দা প্রতিবেদনটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তাই এ বিষয়ে কথা বলার আগে রয়টার্সের কাছে নিজের নাম প্রকাশ করতে রাজি হননি কর্মকর্তারা।

তারা বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার সুনাম ক্ষুন্ন করে রাশিয়ার সরকার ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে সহায়তা করতে নিজেদের সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করেছে। সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং অন্যরা চূড়ান্ত প্রতিবেদনে এ কথাই বলেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন প্রতিবেদন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পেশ করা হয়েছে। শুক্রবার হবু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এ বিষয়ে জানানো হবে।

যদিও ট্রাম্প মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এই প্রতিবেদন বাতিল করে দিয়েছেন। রাশিয়া সরকারও তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে।

ওদিকে, গোয়েন্দা প্রতিবেদন সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা বলেছেন, “গোয়েন্দা তদন্তে এটি পরিষ্কার যে, অক্টোবর থেকে রাশিয়া ট্রাম্পের নির্বাচনী প্রচারে সহায়তা করার চেষ্টা করেছে।”

তবে যে পথে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা (জিআরইউ) থেকে উইকিলিকসের হাতে তথ্য পচার হয়েছে তা অনুসরণ করা প্রায় অসম্ভব বলে মন্তব্য করেন তিনি।

তিনি মনে করেন, এ কারণেই উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ তার ওয়েবসাইটে প্রকাশ করা তথ্য গুলো রুশ সরকার বা তাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা থেকে পায়নি বলে দাবি করতে সক্ষম হয়েছেন।

এ সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাসেঞ্জ বলেছিলেন, ডেমক্র্যাটিক ন্যাশনাল কাউন্সিল ও হিলারি ক্লিনটনের প্রচার শিবিরের প্রধান জন পোডেস্টার ইমেইল থেকে চুরি করা তথ্য তিনি কোনও রাষ্ট্রীয় পক্ষ থেকে পাননি। তবে ‘তৃতীয় পক্ষ’ থেকে ওই সব তথ্য পাওয়ার বিষয়টিও তিনি উড়িয়ে দেননি।

শুক্রবার গোয়েন্দা সংস্থাগুলোর এই মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করা হতে পারে।