ইরানে ভূমিকম্পে ৪ আফগান নিহত
ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে চার আফগান শ্রমিক নিহত হয়েছে।
হালকা জনবসতির পার্বত্য ওই অঞ্চলে আর কেউ হতাহত হয়েছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি ভোরের দিকে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল জাহরম শহর থেকে ৫৩ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।
রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে, “খোঁজ শহরে সাইফাবাদ গ্রামের কাছে একটি খামারে কাজ করা চার আফগান শ্রমিক ভূমিকম্পে নিহত হয়েছে।”
ফার্স প্রদেশের গভর্নর রাষ্ট্রীয় টিভিকে জানান, উদ্ধারকর্মীরা ভূমিকম্প দূর্গত এলাকায় আর কেউ হতাহত হয়েছে কিনা তা খুঁজে দেখছে।
চারতালা গ্রামের তিনজন আহত মানুষকে হাসপাতালে নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরনা বার্তা সংস্থার এক কর্মকর্তা।
ভৌগলিকভাবে ইরান তীব্র ভূমিকম্পন প্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প হয়। ২০০৩ সালে বাম সগরীতে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ২৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল।
