তুরস্কের ইজমিরে বোমা ও বন্দুক হামলা
তুরস্কের ইজমির শহরে আদালত চত্বরের কাছে গাড়িবোমা ও বন্দুক হামলায় দুই হামলাকারী, এক পুলিশ এবং একজন আদালতকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
বিস্ফোরণে আহত হয়েছে আরও ১০ জন। ছবিতে দুটো গাড়ি জ্বলতে দেখা গেছে এবং অস্ত্রবহনকারী একটি মানুষের মৃতদেহও দেখা গেছে। তৃতীয় আরেকজন হামলাকারীকে খোঁজা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
ইস্তাম্বুলে নাইটক্লাবে সপ্তাহান্তের জঙ্গি হামলার ঘটনার সূত্র ধরে ইজমির থেকে বহুজনকে আটক করেছে পুলিশ। ওই হামলার এক সপ্তাহ না পেরোতেই ইজমিরে এ হামলা হল।
হামলাকারীরা আদালত প্রাঙ্গনের প্রবেশপথে গাড়ি চালিয়ে যাওয়ার পর পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এবং এরপর তারা গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়।
ইজমিরের গভর্নর ইরোল আইলদিজ বলেছেন, হামলাকারীরা কালাশনিকভ এবং গ্রেনেড নিয়ে এসেছিল।
হামলার জন্য কারা দায়ী তা পরিষ্কার বোঝা না গেলেও প্রাথমিকভাবে এ ঘটনার জন্য কুর্দি বিদ্রোহীদের দায়ী করছেন তুরস্কের কর্মকর্তারা।
তুরস্কের বড় বড় কয়েকটি শহর সম্প্রতি ইসলামিক স্টেট এবং কুর্দি মিলিশিয়াদের হামলার টার্গেট হয়েছে।
তুরস্কের সীমান্ত থেকে কুর্দি এবং আইএস জঙ্গি হটাতে গতবছরের অগাস্ট থেকে সিরিয়ায় সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক।
