বার্লিনে ট্রাক হামলাকারীর ‘সহযোগী’ আটক
জার্মানির বার্লিনে মার্কেটে ট্রাক নিয়ে হামলাকারী আনিস আমরির সঙ্গে রাতের খাবার খেয়েছিলেন বলে সন্দেহ করা এক তিউনিসীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৯ ডিসেম্বর রাতে জার্মান রাজধানীর খ্রিস্টীয় বড়দিন উদযাপনের সামগ্রী বিক্রি করা একটি মার্কেটে চলন্ত ট্রাক নিয়ে ঢুকে পড়ে ১২ জনকে হত্যা করেন আমরি। এরপর ইতালিতে পালিয়ে যান। সেখানে পুলিশের গুলিতে নিহত হন তিনি।
বিবিসি জানিয়েছে, তদন্তকারীদের বিশ্বাস গ্রেপ্তার বিলেল এ নামের ২৬ বছর বয়সী এ তিউনিসীয় হয় ওই হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন অথবা হামলার পরিকল্পনা সম্পর্কে জানতেন।
পুলিশ জানিয়েছে, প্রতারণা করে লাভবান হয়েছেন এই সন্দেহের ভিত্তিতে বিলেলকে গ্রেপ্তার করেছেন তারা, কারণ এ ছাড়া বিলেলকে গ্রেপ্তার করার মতো আর কোনো তথ্য তাদের কাছে ছিল না।
২০১৫-র এপ্রিল ও নভেম্বরের মধ্যে এই ব্যক্তি কয়েকটি জার্মান শহরে অন্তত দুটি ছদ্মনাম ব্যবহার করেছিলেন বলে তদন্তকারীদের বিশ্বাস।
জার্মানির ফেডারেল তদন্তকারীদের মুখপাত্র ফ্রাউকে কোহলার বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ২০১৫ সালের শেষ দিক থেকে আমরিকে চিনতেন বিলেল; হামলার আগে এই জুটি একটি রেস্টুরেন্টে সাক্ষাৎ করে ‘নিবিড় আলোচনায় মগ্ন’ হয়েছিলেন।
তিনি জানান, সন্দেহভাজন বিলেল একটি শরণার্থী শিবিরের বাসিন্দা, সেখানে তার বাসায় তল্লাশি চালিয়ে তার মোবাইলটি জব্দ করা হয়েছে। এটি পরীক্ষা করে এতে থাকা তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।
এর পাশাপাশি সম্ভাব্য প্রত্যক্ষদর্শী বিবেচনায় আমরির সাবেক রুমমেটের বিষয়েও তদন্ত চলছে। ১৯ ডিসেম্বর আমরি দুবার তার সাবেক এই রুমমেটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, তবে তাদের মধ্যে কোনো কথা হয়েছিল কিনা তা পরিষ্কার হওয়া যায়নি।
