২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিয়ানমারে আইএসের হামলার হুমকি বাড়ছে’

রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনের প্রতিক্রিয়ায় মিয়ানমারে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিদেশি সমর্থকদের হামলার হুমকি দিন দিন বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মালয়েশিয়ার শীর্ষ এক সন্ত্রাসবিরোধী কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 09:40 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

এক সাক্ষাৎকারে মালয়েশিয়া পুলিশের সন্ত্রাস-দমন বিভাগের প্রধান আয়ুব খান মাইদিন বলেন, গত মাসে মালয়েশিয়া কর্তৃপক্ষ আইএস এর সন্দেহভাজন এক অনুসারীকে আটক করেছে। ওই ব্যক্তি হামলা চালানোর জন্য মিয়ানমারে যাওয়ার পরিকল্পনা করছিল।

আটক ব্যক্তির নাম প্রকাশ না করলেও ওই ব্যক্তি ইন্দোনেশিয়ার নাগরিক বলে জানান তিনি। বুধবার তার বিরুদ্ধে অভিযোগপত্র দায়েরের কথা রয়েছে।

আয়ুব বলেন, “তিনি রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিমদের হয়ে মিয়ানমার সরকারের বিরুদ্ধে জিহাদের পরিকল্পনা করছিলেন।”

তার নেতৃত্ব অনুসরণ করা দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের আরও অনেক জঙ্গি মিয়ানমারে হামলা চালানোর চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

যদিও মিয়ানমার সরকারের মুখপাত্র জাউ তাই বার্তা সংস্থা রয়টার্সকে বলেন,  গত বছর অক্টোবরে রাখাইন রাজ্যে সীমান্ত পুলিশের উপর হামলার পেছনে সেখানে আইএস এর উপস্থিতি বা ওই হামলায় আইএস সংশ্লিষ্টতার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

জাতিসংঘের তথ্যানুযায়ী, অক্টোবরের হামলার পর বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরু হয়। তারপর প্রায় ৩৪ হাজার রোহিঙ্গা মুসলিম প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ আশ্রয় নিয়েছে।

৯ অক্টোবর রাখাইন রাজ্যে মিয়ানমার সীমান্ত পুলিশের তিনটি পোস্টে ‘সন্ত্রাসীদের’ হামলায় নয় ‍পুলিশ নিহত হওয়ার পর ওই এলাকায় ব্যাপক সেনা অভিযান শুরু হয়।

রোহিঙ্গা মুসলিম ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, মিয়ানমারের সেনাবাহিনী সেখানে গণহত্যা চালিয়েছে ও ধর্ষণ করছে।

প্রায় অর্ধশতাব্দী পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিয়ানমারের ক্ষমতায় আসা অং সান সু চির দল এ অভিযোগ অস্বীকার করেছে।

যদিও যেসব অঞ্চলে সেনা অভিযান চলছে সেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল এমনকি ত্রাণকর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

রাখাইনের সংঘাত ফিলিপিন্স, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার আইএস সংশ্লিষ্ট জিহাদিদের মধ্যে ক্ষোভ উস্কে দিচ্ছে বলেই অভিমত নিরাপত্তা বিশ্লেষকদের।

দক্ষিণপূর্ব এশিয়ার বহু মুসলিম আইএসের সঙ্গে যোগ দিতে মধ্যপ্রাচ্যে গেছে। এদের বেশিরভাগই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া কিংবা ফিলিপিন্সের বলে জানিয়েছে ওই অঞ্চলের সন্ত্রাসবাদ-বিরোধী পুলিশ।

গতবছর জুড়ে আইএস ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপিন্সে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। কয়েকটি ব্যর্থ হামলা প্রচেষ্টায়ও তারা জড়িত ছিল।

মালয়েশিয়া পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী প্রধান কর্মকর্তা আয়ুব খান বলেন, “রোহিঙ্গা মুসলিম ভাইদের সাহায্য করতে আইএস কিংবা অন্যান্য ইসলামিক দলের মুসলিমরা কোনও না কোনওভাবে মিয়ানমারে যাওয়ার পথ খুঁজে নেওয়ার সমূহ সম্ভাবনা আছে।”