২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়া সামরিক সহযোগিতা স্থগিত

যৌথ প্রশিক্ষণসহ অস্ট্রেলিয়ার সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা স্থগিত করেছে প্রতিবেশী ইন্দোনেশিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 02:09 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইন্দোনেশীয় সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উরিয়ান্তো, খবর বার্তা সংস্থা রয়টার্স, বিবিসির।  

‘অনেকগুলো বিষয়ে নতুন করে সমঝোতা হওয়া দরকার’, এই কারণ দেখিয়ে সামরিক সম্পর্ক স্থগিত করা হলেও অস্ট্রেলিয়ার একটি প্রশিক্ষণ ঘাঁটিতে ‘আক্রমণাত্মক উপাদান’ দেখার পর সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

এই স্থগিতাদেশ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন উরিয়ান্তো।

ইন্দোনেশিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, যৌথ প্রশিক্ষণে অস্ট্রেলিয়ায় যাওয়া ইন্দোনেশীয় সেনারা একটি অস্ট্রেলীয় ঘাঁটির প্রশিক্ষণ উপাদান দেখার পর ক্ষুব্ধ হয়।

এ বিষয়ে জিজ্ঞেস করা হলে মে. জেনারেল উরিয়ান্তো তা এড়িয়ে যান।

বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, “যৌথ প্রশিক্ষণসহ অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সব ধরনের সহযোগিতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধান হয়ে যাবে বলে আশা করছি।”

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) তথ্যানুযায়ী, ইন্দোনেশিয়ার বিশেষ বাহিনী কোপাসসুস পার্থে অস্ট্রেলিয়ার স্পেশাল এয়ার সার্ভিসের সঙ্গে প্রশিক্ষণ নিয়ে থাকে।

কোম্পাস নামের একটি ইন্দোনেশীয় সংবাদপত্র জানিয়েছে, কোপাসসুসের একজন ইনস্ট্রাক্টর অস্ট্রেলীয় প্রশিক্ষণ শিবিরে ‘লেমিনেট’ করা কিছু ‘উপাদান’ পান, যাকে তিনি ইন্দোনেশিয়ার মূলনীতির পক্ষে অবমাননাকর বলে বিবেচনা করেন।

ইন্দোনেশিয়া রাষ্ট্রের মূলনীতিগুলো হল, জাতীয় ঐক্য, সামাজিক ন্যায়বিচার, গণতন্ত্র এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস।

গত কয়েক বছর ধরে বেশ কিছু কূটনৈতিক বিরোধ সত্বেও অস্টেলিয়া ও ইন্দোনেশিয়া ঘনিষ্ঠ মিত্র হিসেবেই কাজ করেছে।

এর আগে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিযোগে এনে সামরিক সহযোগিতা স্থগিত করেছিল ইন্দোনেশীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।