২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে জরুরি অবস্থার মেয়াদ আরো তিন মাস বাড়লো

জরুরি অবস্থার মেয়াদ আরো তিন মাস বাড়ানোর পক্ষে ভোট দিয়েছে তুরস্কের পার্লামেন্ট।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Jan 2017, 12:36 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

মঙ্গলবার বিষয়টি নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু।

গত বছরের ১৫ জুলাই ব্যর্থ সামরিক অভ্যুত্থান চেষ্টার পর প্রথম তুরস্কজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। অক্টোবরে জরুরি অবস্থার মেয়াদ আরো বাড়ানো হয়।

অক্টোবরে বাড়ানো মেয়াদ চলতি জানুয়ারিতেই শেষ হওয়ার কথা। ফের বাড়ানো মেয়াদ ১৯ জানুয়ারি থেকে শুরু হয়ে এপ্রিলে শেষ হবে।

গত প্রায় ছয় মাস ধরে জরুরি অবস্থা চলার মধ্যেই তুরস্কজুড়ে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। রোববার নতুন বছরের প্রথম প্রহরে ইস্তাম্বুলের জনপ্রিয় রেইনা নাইটক্লাবে অজ্ঞাত এক বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণে ৩৯ জন নিহত হন।

হামলার পর ওই বন্দুকধারী পালিয়ে গেছে। তাকে ধরতে চিরুনি অভিযানে নেমেছে তুরস্ক পুলিশ। 

প্রতিবেশী সিরিয়া ও ইরাকে লড়াইরত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

জরুরি অবস্থার বলে দেশটির সরকার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পার্লামেন্টকে পাশ কাটিয়ে নতুন আইন করতে পারবে এবং নাগরিক অধিকার সীমিত বা স্থগিত করতে পারবে।