ভারতে তৃতীয় লিঙ্গের প্রথম অধ্যক্ষের পদত্যাগ
ভারতে প্রথম একজন হিজড়া বা তৃতীয় লিঙ্গের অধ্যক্ষের দায়িত্বপালনকারী মানবী বন্দোপাধ্যায় পদত্যাগ করেছেন।
বিবিসি বলছে, গেল বছরের মাঝামাঝি সময় থেকে তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর উইমেন্স কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন।
এই পদত্যাগকে ‘হেরে যাওয়া’ বলে মন্তব্য করেছেন তিনি।
নিজের লৈঙ্গিক পরিচয় নিয়ে বিরামহীন হয়রানির কারণে ১৮ মাস দায়িত্ব পালনের পর চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বলে তিনি জানান।
আক্রমণের অভিযোগ তুলে কলেজটির দুই অধ্যাপকের বিরুদ্ধে তিনি মামলাও করেছেন।
অবশ্য, তার চাকরি ছাড়া নিয়ে বিপরীতমুখী কথাও শোনা গেছে।
অন্যান্য শিক্ষকদের বক্তব্য, লৈঙ্গিক পরিচয় নয়, তার প্রশাসনিক নীতির বিরোধিতা করেছিলেন তারা।
‘তৃতীয় লিঙ্গের’ হওয়ায় কিছু সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক তাকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন বলে দাবি করেছেন ৫১ বছর বয়সী ড. মানবী বন্দ্যোপাধ্যায়।
অবশ্য সহকর্মীরা জানিয়েছেন, কলেজে তার পরিচালনা পদ্ধতির বিরোধিতা করেছেন তারা।
প্রায় ৫ লাখ তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে ভারতে।
সামাজিকভাবে তাদের তেমন করে গ্রহণ করা হয় না। বিভিন্ন কাজেও তাদের নেওয়া হয় না।
ফলে যেখানে তৃতীয় লিঙ্গের মানুষেরা বরাবরই অবহেলার শিকার সেখানে অসমতার আর্গল ভেঙে মানবীর এ সম্মান অর্জন রাজনৈতিক ও ব্যক্তিগত দুদিক থেকেই ছিল একটি মাইলফলক।
তৃতীয় লিঙ্গভুক্ত কেউই আগে ভারতে এরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসীন হননি। আর তাই এ অর্জনে কেবল তিনি নিজেই নন, অনেকেই ছিলেন উচ্ছ্বসিত। মানবীর ফেইসবুক পেজও ভরে গিয়েছিল অগণিত অভিনন্দন বার্তায়।
এরআগে মানবী বন্দ্যোপাধ্যায় ২০ বছরেরও বেশি সময় ধরে রাজ্যের একটি সরকারি কলেজে অধ্যাপনা করেছিলেন। তৃতীয় লিঙ্গভুক্তদের অধিকার অর্জনের আন্দোলনেও তিনি একজন পরিচিত মুখ।
২০১৪ সালে ভারতের সুপ্রিম কোর্ট তৃতীয় লিঙ্গের মানুষদেরকে স্বীকৃতি দিয়ে তাদের জন্য সংখ্যালঘু অধিকারসহ শিক্ষা, চাকরি ও স্বাস্থ্য সেবার সুযোগ-সুবিধা পাওয়ার পথ সুগম করে। তখন থেকেই কিছু কিছু কলেজ তাদের আবেদন ফর্মে তৃতীয় লিঙ্গের অপশন চালু করেছিল।
মানবী ২০০৩ সালে লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করেন। এরপর থেকেই তার জীবনে নেমে এসেছিল দুর্দশা।নানা বিড়ম্বনার মুখোমুখি হতে হয় তাকে। পশ্চিমবঙ্গে পরিচয়ের স্বীকৃতি পেতে ৫ বছর লেগেছে এবং একটি নতুন সরকার আসার পরই তা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মানবী।
