পাল্টা কূটনীতিক বহিষ্কার করছে না রাশিয়া
রাশিয়ার ৩৫ কূটনীতিককে যুক্তরাষ্ট্রের বহিষ্কারের পাল্টা জবাবে মস্কো মার্কিন কোনও কূটনীতিককে বহিস্কার করবে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ‘হস্তক্ষেপের’ অভিযোগ নিয়ে তিক্ততার মধ্যে প্রেসিডেন্ট বারাক ওবামা ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করার নির্দেশ দেওয়ার পর রাশিয়াও পাল্টা পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছিল।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এর আগে বৃহস্পতিবার ৩৫ জন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করা এবং নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
কিন্তু প্রেসিডেন্ট পুতিন সে প্রস্তাব নাকচ করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসাবে আগামী মাসে ক্ষমতা গ্রহণের পর তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
শুক্রবার এক বিবৃতিতে পুতিন বলেন, "আমরা কাউকে বহিষ্কার করতে চাই না। পাল্টা জবাব দেওয়ার অধিকার আমাদের আছে, থাকবে। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ব্যাপারে এখনই কোনও পদক্ষেপ না নিয়ে আমরা দায়িত্বজ্ঞানহীন কূটনীতির পর্যায়ে নেমে যাওয়া থেকে বিরত থাকব।”
পুতিন আরও বলেছেন, তিনি নতুন বছরের ছুটির সময়টিতে যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও তাদের পরিবার ও ছেলেমেয়েদেরকে ক্রেমলিনে আমন্ত্রণ জানাচ্ছেন।
কিন্তু পুতিনের প্রশংসা করে আসা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপ উল্টে দেবেন কিনা সেটি এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে না।
রাশিয়া যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপকে মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক ক্ষুন্ন করার আরেকটি প্রচেষ্টা হিসাবেই দেখছে এবং ওবামা প্রশাসন এভাবে মেয়াদ শেষ করছে বলে দুঃখ প্রকাশ করেছে। ট্রাম্প ক্ষমতায় আসলে এ পদক্ষেপ উল্টে দেবেন বলেও মনে করছেন রাশিয়ার কর্মকর্তারা।
পুতিন বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে নীতি নেবে তার ভিত্তিতেই রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনরুদ্ধারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
