২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডানায় ত্রুটি’র কারণে বিধ্বস্ত হয় রাশিয়ার বিমান

ডানায় ত্রুটির কারণে রাশিয়ার সামরিক বিমানটি বিধ্বস্ত হয়েছিল। উদ্ধার পাওয়া ব্ল্যাক বক্স পরীক্ষা করে এ তথ্যই মিলেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 07:06 PM

Updated : 12 Apr 2022, 03:36 AM

নাম প্রকাশে অনিচ্ছুক এক তদন্ত কর্মকর্তার বরাত দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থার খবরে বলা হয়, উড়োজাহাজের পাখা সময় মত না খোলায় দুর্ঘটনা ঘটেছে।

ক্রেমলিনপন্থি ‘লাইফ নিউজ’ ওয়েবসাইটে বলা হয়, সময় মত পাখা না খোলায় বিমান ‘ভয়ঙ্করভাবে বেঁকে যায়’। যার ফলে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ব্ল্যাক বক্সের অডিওতে শেষ মুহূর্তে একজন ক্রুকে “ফ্ল্যাপস..সর্বনাশ..! বলে চিৎকার করতে শোনা যায় বলেও খবরে জানানো হয়।

গত রোববার ৯২ জন আরোহী নিয়ে মস্কেো থেকে সিরিয়ার লাতাকিয়ার উদ্দেশে রওয়ানা হওয়া টুপোলেভ-১৫৪ উড়োজাহাজটি জ্বালানি নিতে কৃষ্ণসাগরের অবকাশযাপন কেন্দ্র সোচিতে নেমেছিল। স্থানীয় সময় ভোরে সোচি থেকে উড্ডয়নের দুই মিনিটের মাথায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কৃষ্ণসাগরে উড়োজাহাজটির কিছু ধ্বংসাবশেষ ও বেশ কয়েকটি মৃতদেহ পাওয়া যায়।

বিমানটিতে সামরিক বাহিনীর আটজন সদস‌্যদের পাশাপাশি নয়জন সাংবাদিক এবং রুশ সেনাবাহিনীর একটি বিখ‌্যাত সংগীত দলের ৬৪ সদস‌্য ছিলেন।

বিবিসি’র খবরে বলা হয়, মঙ্গলবার খুঁজে পাওয়া মূল ব্ল‌্যাকবক্সে রেকর্ড হয়ে থাকা ককপিটের কথপোকথন থেকে বিমানের ডানার ক্রুটির বিষয়টি বেরিয়ে এসেছে।

লাইফ নিউজ ওয়েবসাইট ককপিটে দুই পাইলটের শেষ মুহূর্তের কথোপকথন তুলে দিয়েছে।

পাইলটদের শেষ কথা:

.“গতি ৩০০”

“……”

.“আমি ল্যান্ডিং গিয়ার তুলে ফেলেছি, কমান্ডার”

“……….”

.“ওহ! কী সর্বনাশ”

.“ফ্ল্যাপস, সর্বনাশ, কী….!”

.“আল্টিটিউট মিটারের কী অবস্থা!”

.“আমরা……”

“…………”

.“কমান্ডার আমরা নিচে পড়ে যাচ্ছি!”

বুধবার খুঁজে পাওয়া গেছে বিমানটির দ্বিতীয় ব্ল‌্যাকবক্সও। এখন পর্যন্ত ১৫ টি লাশ এবং ২২৩ টি দেহাংশ উদ্ধার করা গেছে বলে জানিয়েছে বিবিসি।