নিরাপত্তা পরিষদের ১২ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হ্রাস করবে ইসরায়েল
পশ্চিম তীরের অধিকৃত এলাকায় ইহুদি বসতি স্থাপনের বিপক্ষে ভোট দেওয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১২ সদস্য রাষ্ট্রের সঙ্গে সব ধরনের সম্পর্ক হ্রাস করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানান।
শুক্রবার পশ্চিমতীরে ইসরায়েলের অধিকৃত এলাকার বৈধতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকে। এমনকি দেশটি ইসরায়েলবিরোধী এ প্রস্তাবে ভেটোও দেয়নি।
ইসরায়েলের বিপক্ষে ভোট দেওয়া ১২টি দেশ হল: যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন, জাপান, ইউক্রেইন, অ্যাঙ্গোলা, মিশর, উরুগুয়ে, স্পেন, সেনেগাল ও নিউজিল্যান্ড।
ওই সব দেশের সঙ্গে দূতাবাসের সঙ্গে কার্যক্রম স্থগিত করা হবে বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।
তারা বলেন, নেতানিয়াহু ওই সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাত করবেন না এবং ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের রাষ্ট্রদূতদের গ্রহণ করবে না।
সেইসঙ্গে ইসরায়েলের মন্ত্রীদের ওইসব দেশে সফর সীমিত করা হবে। তবে ওই সব দেশে ইসরায়েলের রাষ্ট্রদূতরা নিজ দেশের হয়ে কাজ চালিয়ে যেতে পারবেন বলেও জানান তারা।
এই নির্দেশ জারির আগে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই সব দেশের দশজন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে তিরষ্কার করা হয়।
নিরাপত্তা পরিষদের প্রস্তাবের-২৩৩৪ অনুচ্ছেদ অনুযায়ী, পশ্চিমতীরের অধিকৃত ভূমিতে ‘ইসরায়েলের আইনি বৈধতা আর নেই’।
প্রস্তাবে আরও বলা হয়, “এটি আন্তর্জাতিক আইনের ঘোরতর লঙ্ঘন এবং দুইটি রাষ্ট্রের পাশাপাশি শান্তিতে বসবাস ও নিরাপত্তা ব্যবস্থায় এটি বড় ধরনের বাধা।”
নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব পাসের পর যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত রন দেরমের সিএনএন’কে বলেন, তাদের এ পদক্ষেপ কেবলমাত্র নিরাপত্তা পরিষদের প্রস্তাবের প্রতিক্রিয়া নয়।
কিন্তু তিনি এও বলেন, “যেন কিছুই হয়নি এমনটি ভেবে আমরা বিশিষ্ট জনদের সঙ্গে বৈঠকও করতে পারব না। এটি ইসলায়েলের বিরুদ্ধে গুরুতর উদ্যোগ।”
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোট ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ‘দ্বিরাষ্ট্রীক সমাধান’ এর দীর্ঘমেয়াদী ক্ষতি করল বলেও মনে করেন দেরমের।
তিনি বলেন, “পশ্চিমতীরের অধিকৃত অঞ্চল শান্তি আলোচনার টেবিলে আলোচ্যসূচির অন্যতম প্রধান বিষয় ছিল। যদি জাতিসংঘ থেকে ঘোষণা করেই দেওয়া হয় যে, ওই ভূমি আসলে ফিলিস্তিনের…যা আসলে নয় এবং আমরা এটি মানি না… তবে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া আসলে অনেক বেশি কঠিনই হয়ে পড়বে।”
