২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের হুমকি বাড়ছে: হুঁশিয়ারি তাইওয়ানের

চীনের হুমকি দিন দিন বাড়ছে বলে সতর্ক করেছেন তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Dec 2016, 09:22 PM

Updated : 12 Apr 2022, 03:36 AM

দক্ষিণ চীন সাগরে চীনের বিমানবাহী জাহাজ ও যুদ্ধ জাহাজের উপস্থিতিতে তাইওয়ান সতর্ক করে বলেছে, আমাদের শত্রুপক্ষের হুমকি দিন দিন বাড়ছে।

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ফেং শিহ-কুয়ান বলেন, “শক্রপক্ষের হুমকি প্রতিনিয়ত বাড়ছে। আক্রমণের জবাব দিতে আমাদের সবসময় সতর্ক অবস্থায় থাকতে হবে। আমাদের সেনাদের আরও শক্তিশালী প্রশিক্ষণ প্রয়োজন। যাতে তারা যুদ্ধ ক্ষেত্রে শুধু নিজেদেরই রক্ষা না করে বরং শত্রুদের ধ্বংস করে অভিযান শেষ করতে সক্ষম হয়।”

চীন কর্তৃপক্ষের দাবি, নিয়মিত মহড়ার অংশ হিসেবে তাদের বিমানবাহী জাহাজ ও যুদ্ধ জাহাজ দক্ষিণ চীন সাগর হয়ে দ্বীপ প্রদেশ হাইনানের দিকে রওয়ানা হয়েছে।

তবে তাইওয়ান বলছে, বিমানবাহী জাহাজটি তাদের পূর্বের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের (এডিআইজেড) ধার ঘেঁষে চলে গেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার রাতে বিমানবাহী জাহাজটি হাইনানে পৌঁছতে পারে।

এ ঘটনায় চীন ও তাইওয়ানের মধ্যে সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

তাইওয়ানকে আলাদা রাষ্ট্রের মর্যাদা দেয় না চীন। চীন সরকার তাইওয়ানকে তাদের বিচ্ছিন্ন প্রদেশ মনে করে।

এ মাসে চীনের বিমানবাহিনী নিজেদের পূর্বাঞ্চল এবং দক্ষিণ চীন সাগরে দূরপাল্লার অস্ত্রের মহড়া চালিয়েছে, যা জাপান ও তাইওয়ানকে ক্ষুব্ধ করেছে। যদিও সেবারও চীন তাদের নিয়মিত মহড়া বলে দাবি করেছে।

দক্ষিণ চীন সাগরের অধিকাংশের মালিকানা দাবি করে আসছে চীন। প্রতিবেশী ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপিন্স, তাইওয়ান ও ভিয়েতনামও একই দাবি করছে।

দক্ষিণ চীন সাগর দিয়ে প্রতি বছর ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়।