বার্লিন হামলার সন্দেহভাজন তিউনিসীয় ‘পুলিশের নজদারিতে ছিল’
জার্মানির বার্লিনে একটি বাজারে লরি নিয়ে হামলাকারী সন্দেহভাজন তিউনিসীয় নাগরিক ডাকাতির পরিকল্পনা করছেন সন্দেহে এ বছরের শুরুর দিকে পুলিশের নজরদারিতে ছিলেন।
দেশটির বিচার বিভাগের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, স্বংয়ক্রিয় অস্ত্র কিনতে আমরি ডাকাতির পরিকল্পনা করছিল কিনা নিশ্চিত হতে এ বছরের শুরু থেকেই জার্মান কর্তৃপক্ষ আমরির উপর নজর রাখছিল।
কিন্তু কোনো প্রমাণ যোগাড় করতে না পারায় কর্তৃপক্ষ তার উপর নজরদারি বন্ধ করে বলেও জানান ওই কর্মকর্তা।
সন্দেহভাজন ওই হামলাকারী সম্পর্কে জার্মান প্রসিকিউটরের কার্যালয় থেকে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, “সতর্ক থাকুন: সে নৃশংস হতে পারে এবং অস্ত্রধারী হতে পারে।”
বিবৃতিতে আমরির উচ্চতা ১ দশমিক ৭৮ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি) লম্বা, কালো চুল এবং চোখের রঙ বাদামী বলে বর্ণনা করা হয়।
আমরির বিরুদ্ধে ইউরোপজুড়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সোমবার রাতে বার্লিনের প্রাণকেন্দ্র ব্রাইটশেইডপ্লাৎজে বড়দিনকে সামনে রেখে রাস্তার পাশে বসা একটি বাজারে ভিড়ের উপর ইস্পাত বহনকারী একটি লরি উঠিয়ে দেওয়া হয়।ভিড় মাড়িয়ে লরি নিয়ে ৫০ থেকে ৮০ মিটার এগিয়ে যায় চালক।
ওই রাতেই প্রাথমিকভাবে পুলিশ নাভেদ বি নামে পাকিস্তানি এক শরণার্থীকে আটক করে। কিন্তু নাভেদের বিরুদ্ধে মামলা চালিয়ে নেওয়ার মত পর্যাপ্ত তথ্যপ্রমাণ না পাওয়ায় মঙ্গলবার তদন্তকারীরা তাকে ছেড়ে দেয়।
একই দিন হামলায় ব্যবহৃত লরির চালকের আসনের নিচে একটি অস্থায়ী পারমিট খুঁজে পায় পুলিশ। যেটা আনিস এ নামের এক ব্যক্তির। যিনি ১৯৯২ সালে তিউনিসিয়ার দক্ষিণের শহর তাতোউনিতে জন্মগ্রহণ করেছেন।
পুলিশ জানায়, নর্থ রাইন-ওয়েস্টফাইয়া রাজ্য থেকে অস্থায়ী ওই পারমিট প্রদাণ করা হয়েছে।
স্থানীয় একটি দৈনিক পত্রিকার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বুধবার মধ্যরাতে আমরির খোঁজে বার্লিনের ক্রয়েৎসবের্গ জেলার দুইটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়েছে জার্মান পুলিশ।
অন্যদিকে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, বৃহস্পতিবার সকালে পশ্চিমের নগর ডর্টমুন্ডে দুইটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
আমরির বাবা এবং তিউনিসিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা দেশটির বেতার মোসেইক কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরি সাত বছর আগে অবৈধ অভিবাসী হিসেবে তিউনিসিয়া ছাড়ে। সে প্রায় চার বছর ইতালিতে একটি কারাগারে ছিল।
নর্থ রাইন-ওয়েস্টফাইয়ার স্বরাষ্ট্রমন্ত্রী রাইফ ইয়েগার বলেন, আমরি ২০১৫ সালের জুলাইয়ে জার্মানি এসেছে। তার আশ্রয় প্রার্থনার আবেদন বাতিল হয়ে গিয়েছিল।
আশ্রয় প্রার্থনার আবেদন বাতিল হওয়ার পর জুনে আমরিকে জার্মানি থেকে বিতাড়িত করার কথা ছিল। কিন্তু তার কাগজপত্র হারিয়ে যাওয়ায় তাকে তিউনিসিয়া ফেরত পাঠানো সম্ভব হয়নি বলেও জানান ইয়েগার।
“শুরুতে তিউনিসিয়া এই ব্যক্তি তাদের নাগরিক নয় বলে জানিয়েছিল। যার কারণে অগাস্টে জার্মান কর্তৃপক্ষ তার পরিচয়ের জন্য নতুন করে কাগজ পত্র প্রস্তুত করা শুরু করে। কিন্তু তিউনিসীয় কর্তৃপক্ষ তাদের কাগজপত্র পাঠাতে দেরি করে। আজই সেগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে।”
অন্যদিকে পুলিশের পক্ষ থেকে দেওয়া একটি নোটিশে বলা হয়, আমরি ছয়টি ছদ্মনাম ব্যবহার করেছে। এমনকি একসময় সে নিজেকে মিশর অথবা লেবাননের নাগরিক প্রমাণ করারও চেষ্টা করে।
এ ঘটনা তদন্তের আগ্রগতি নিয়ে আলোচনার জন্য প্রতিরক্ষা মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল।
বার্লিন হামলার পর পাবলিক প্লেসে নজরদারি বাড়াতে আরও বেশি ক্যামেরা লাগানোর প্রস্তাব জার্মান মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। গতমাসে এই প্রস্তাব তোলা হয়েছিল।
