২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় খ্রিস্টান গোষ্ঠীর দপ্তরে ‘গাড়িবোমা’ বিস্ফোরণ

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় রক্ষণশীল খ্রিস্টান লবি গোষ্ঠীর সদরদপ্তরের ভিতরে এক ব্যক্তি একটি ভ্যান নিয়ে ঢুকে পড়ার পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Dec 2016, 11:30 AM

Updated : 11 Oct 2022, 09:28 PM

বুধবার গভীর রাতের এ ঘটনাটি রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্যপ্রণীত নয় বলে বৃহস্পতিবার জানিয়েছে অস্ট্রেলীয় পুলিশ। 

ওই ভ্যানটি গ্যাস সিলিন্ডার দিয়ে ভরা ছিল বলে জানা গেছে। ভ্যানটির ৩৫ বছর বয়সী চালক মারাত্মক দগ্ধ অবস্থায় হেঁটে নিকটবর্তী হাসপাতালে উপস্থিত হন বলে জানিয়েছেন ক্যানবেরার পুলিশ কমান্ডার মার্ক ওয়াল্টার্স।

সাংবাদিকদের তিনি বলেন, “যানটির পুরুষ চালকের সঙ্গে আমাদের কথাবার্তা থেকে আমরা এটা নিশ্চিত হয়েছি, এই কাজ রাজনৈতিক, ধর্মীয় বা আদর্শগতভাবে অনুপ্রাণিত হয়ে করা হয়নি।” 

তবে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

Image
নিরাপত্তা টেপ দিয়ে ঘিরে রাখা দগ্ধ ভ্যান। ছবি: ট্যুইটার

নিরাপত্তা টেপ দিয়ে ঘিরে রাখা দগ্ধ ভ্যান। ছবি: ট্যুইটার

অস্ট্রেলিয়ার খ্রিস্টান লবির (এএলসি) সদরদপ্তর হিসেবে ব্যবহৃত ওই ভবনে ভ্যান নিয়ে ঢুকে পড়ার আগে চালক গ্যাসের সিলিন্ডারগুলোতে আগুন ধরিয়ে দেন। ভ্যানটি সামনের সবকিছু ভেঙেচুরে ভিতরে ঢুকে পড়ার পর বিস্ফোরণ ঘটে।

গর্ভপাত ও সমলিঙ্গ বিবাহের মতো বিষয়গুলোর কড়া সমালোচক এএলসি। 

এএলসির ব্যবস্থাপনা পরিচালক লিলে শেল্টন ট্যুইটারে একটি ছবি পোস্ট করেছেন, তাতে সদরদপ্তরটির সামনে একটি পোড়া ভ্যান দেখা গেছে। এ ঘটনায় দপ্তরটির কোনো কর্মী আঘাত পাননি বলে জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের শেল্টন বলেন, “গতরাতের হামলার উদ্দেশ্য আমার জানা নেই। কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি তাতে সারা বছর ধরে আমার কর্মীরা মৃত্যু ও সহিংসতার যেসব হুমকি পেয়েছে তার আলামত দেখতে পাচ্ছি।”