জর্ডানে গোলাগুলি: নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত
জর্ডানের কারাক শহরের কাছে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন।
বিবিসি বলছে, ওয়ান্টেড তালিকাভুক্ত সন্দেহভাজন অপরাধীরা আত্মগোপন করে আছে খবর পেয়ে একটি বাড়িতে অভিযান চালানোর সময় গোলাগুলিতে শুরু হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এই অভিযানের সঙ্গে রোববার কারাকে হওয়া গোলাগুলির ঘটনার কোনো সম্পর্ক নেই।
রাজধানী আম্মান থেকে ১২০ কিলোমিটার দূরে দক্ষিণের শহর কারাকের একটি ঐতিহাসিক দুর্গে রোববার ওই ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত হন।
কারাক পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বন্দুকধারীরা প্রথমে টহল পুলিশের উপর হামলা করে। দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে হামলাকারীরা একটি গাড়িতে করে পাহাড়ের চূড়ায় ওই প্রাচীন দুর্গে যায় এবং সেখানে পুলিশ পোস্টে হামলা করার পর দুর্গের ভেতরে অবস্থান নেয়। এতে দুর্গের ভেতরে পর্যটকরা আটকা পড়েন, তৈরি হয় জিম্মি সঙ্কট।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে।
